নির্বাচনী সফরের অংশ হিসেবে আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) সিলেট যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বিকেল ৩টায় ঐতিহাসিক সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে সিলেট জেলা জামায়াতের আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।
আয়োজকদের মতে, জনসভায় সিলেট জেলার ছয়টি আসন এবং সুনামগঞ্জ জেলার চারটি আসনের জামায়াত ও ১১ দলীয় জোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হবে। এক প্রেস ব্রিফিংয়ে সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম জানান, জনসভা বিকেল ৩টায় শুরু হয়ে সাড়ে ৪টার মধ্যে শেষ হবে। তিনি বলেন, জামায়াত আমির হেলিকপ্টারে সিলেট জেলা স্টেডিয়ামে অবতরণ করবেন। এর আগে তিনি হবিগঞ্জ ও মৌলভীবাজারে জনসভায় অংশ নেবেন। সময় স্বল্পতার কারণে সুনামগঞ্জের জনসভা বাতিল করা হয়েছে বলেও জানান তিনি।
জনসভা সফল করতে জামায়াতের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। আয়োজকেরা লক্ষাধিক মানুষের সমাগমের আশা করছেন। আলিয়া মাদ্রাসা মাঠে বড় মঞ্চ তৈরি করা হয়েছে এবং শহরজুড়ে বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন টানানো হয়েছে।