নির্বাচন শেষে ভাই তো দূরের কথা ‘শালার’ মর্যাদাও দেয় না: জামায়াত আমির

0
26
নির্বাচন শেষে ভাই তো দূরের কথা ‘শালার’ মর্যাদাও দেয় না: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, নির্বাচনের আগে ভোটারদের দেখলেই অনেকে আপনজন সেজে বলে—“আপনাকে আমার ভাইয়ের মতো লাগে”, কিন্তু নির্বাচন শেষ হয়ে গেলে “ভাই তো দূরের কথা, একটু শালার মর্যাদাও দেয় না।” রোববার (৭ ফেব্রুয়ারি) হবিগঞ্জের নিউ ফিল্ড মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেন, জীবন দিয়ে যারা দেশ উপহার দিয়েছেন, তাদের আকাঙ্ক্ষা ৫৪ বছরেও পূরণ হয়নি। তিনি দাবি করেন, নির্বাচনের আগে অনেকেই নানা প্রতিশ্রুতি নিয়ে হাজির হলেও ভোট শেষ হলে জনগণ তাদের আর খুঁজে পায় না। জামায়াতকে ভিন্নভাবে তুলে ধরে তিনি বলেন, চরম দুঃসময়েও তারা দেশত্যাগ করেননি।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, কেউ যদি নির্বাচনী পরিবেশ বিঘ্নিত করতে আসে, তাহলে আগে তাকে “উচিত শিক্ষা” দিতে হবে, তারপর পুলিশের হাতে তুলে দিতে হবে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দেন, যাদের দায়িত্ব আইন রক্ষা করা, তারা যদি আইন হাতে তুলে নিয়ে জনগণের বিরুদ্ধে দাঁড়ায়, তাহলে তার ফল অতীতের মতো ভবিষ্যতেও ভালো হবে না।

জামায়াত আমির আরও বলেন, ক্ষমতায় গেলে জামায়াতের কেউ জনগণের তহবিল ব্যক্তিগত কাজে ব্যয় করবে না। তিনি দাবি করেন, জামায়াতের জনপ্রতিনিধি এবং তাদের পরিবার বছরে দুবার সম্পদের বিবরণ জাতির সামনে প্রকাশ করবেন। পাশাপাশি তিনি বলেন, জামায়াত সরকার গঠন করলে শহিদ শরিফ ওসমান হাদি, আবু সাঈদ ও আবরার ফাহাদের হত্যাকারীদের বিচার করা হবে।