ফরিদপুর সদরের কানাইপুর আখ সেন্টার সংলগ্ন একটি পুকুর থেকে বস্তা ও স্কচটেপে মোড়ানো অবস্থায় ৬টি আগ্নেয়াস্ত্র, গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল থেকে এ অভিযান শুরু হয়। বিকেল ৪টার দিকে অস্ত্রগুলো উদ্ধার হয়। অস্ত্র উদ্ধার অভিযানে পুলিশ, বিজিবি ও ফায়ার সার্ভিসের কর্মীরাও অংশ নেয়।
ফরিদপুর সেনা ক্যাম্পের কমান্ডার মেজর সোহেল আহমেদ জানান, সংরক্ষণের উদ্দেশ্যে পুকুরে অস্ত্র ও গোলাবারুদ ফেলে রাখা হয়েছে এমন খবরে অভিযান চালানো হয়। প্রথমে সেচযন্ত্র দিয়ে পুকুরের পানি সরানো হয়। পানি কমে আসলে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়দের সহায়তায় পুকুরে মাছ ধরার জাল টেনে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
এর মধ্যে ৪টি বিদেশী পিস্তল, ২টি সিঙ্গেল ব্যারেল পাইপ গান, ১৬ রাউন্ড পিস্তলের গুলি, ২টি কার্তুজ, ১শ’টি বিভিন্ন আকারের দেশীয় ধারালো অস্ত্র, ৮টি চাইনিজ কুড়াল, শরকি রয়েছে।
তিনি জানান, থানা থেকে লুট হওয়া পুলিশের ব্যবহৃত আগ্নেয়াস্ত্রের সাথে এগুলোর মিল নেই। নির্বাচন সামনে রেখে নাশকতার উদ্দেশ্যে অস্ত্রগুলো রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।