ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর বাজারে ভয়াবহ আগুন, ১০ দোকান পুড়ে ছাই

0
28
ঈশ্বরগঞ্জ পৌর বাজারে ভয়াবহ আগুন, ১০ দোকান পুড়ে ছাই

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে পৌর শহরের বাজারে একটি লেপ-তোশকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানিয়েছে। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনসহ আশপাশের দোকানগুলোতে।

ঘটনার খবর পেয়ে ঈশ্বরগঞ্জ, গৌরীপুর ও নান্দাইল ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভাতে সেনাবাহিনী ও পুলিশের সদস্যরাও সহযোগিতা করেন। স্থানীয়রাও পানি সরবরাহ এবং মালামাল সরিয়ে নিতে সহায়তা করেন। অগ্নিকাণ্ডের কারণে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে দুই পাশে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ‘চলন’ নামে একটি কসমেটিকস দোকানের সব মালামাল পুড়ে গেছে। এছাড়া তিনটি লেপ-তোশকের দোকান ও একটি খাবার হোটেলের মালামাল সম্পূর্ণ নষ্ট হয়েছে। সুন্দরবন কুরিয়ার সার্ভিস, একটি ফার্মেসি, ফ্লেক্সিলোডের দোকানসহ আরও কয়েকটি দোকানেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। স্থানীয়রা বলছেন, ৫টি দোকানের মালপত্র পুরোপুরি পুড়ে ছাই হয়ে গেছে এবং বাকিগুলোতেও বড় ধরনের ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত দোকান মালিক মোশাররফ হোসেন ফারুক দাবি করেন, তার প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আরেক মার্কেট মালিক লুৎফুল কবীর লিন্টু মিয়া ক্ষতির পরিমাণ ২০ থেকে ২৫ লাখ টাকা বলেও জানান। লেপ-তোশক ও কাপড়ের দোকান মালিক শামসু মিয়া বলেন, তার অন্তত ২৫ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) পূর্ণ চন্দ্র মুৎসুদ্দি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুৎ শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে বলা সম্ভব নয়।