মোহাম্মদপুরে দ্বীন ইসলাম হত্যাচেষ্টা মামলার প্রধান দুই আসামি গ্রেপ্তার

0
38
মোহাম্মদপুরে দ্বীন ইসলাম হত্যাচেষ্টা মামলার প্রধান দুই আসামি গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর থানার ভাঙ্গা মসজিদ এলাকায় আলোচিত দ্বীন ইসলাম হত্যাচেষ্টা মামলার এজাহারনামীয় প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-২। গ্রেপ্তারকৃতরা হলেন মো. আলিফ মৃধা (১৯) ও মো. মিরাজ (১৮)। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে র‍্যাব-২-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক মো. সামসুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

র‍্যাব জানায়, গত ৬ ফেব্রুয়ারি দুপুর আনুমানিক ১টা ৫০ মিনিটের দিকে ভুক্তভোগী দ্বীন ইসলাম (১৭) ও তার বন্ধু শান্ত (১৫) বায়তুন নূর জামে মসজিদে জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে ঘটনাটি ঘটে। পথে গ্রেপ্তারকৃত আসামীরাসহ কয়েকজন একটি অজ্ঞাতনামা ছেলেকে হাতে থাকা ধারালো সামুরাই দিয়ে মারধরের উদ্দেশ্যে ধাওয়া করে। এ সময় দ্বীন ইসলামের সঙ্গে প্রধান আসামি আলিফের ধাক্কা লাগাকে কেন্দ্র করে কথা কাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে আসামীরা সংঘবদ্ধভাবে দ্বীন ইসলামকে এলোপাতাড়ি মারধর ও কুপিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর রক্তাক্ত জখম করে। আলিফ মৃধা হত্যার উদ্দেশ্যে তার হাতে থাকা ধারালো সামুরাই দিয়ে দ্বীন ইসলামের ঘাড়ের নিচে কোপ দেন। একই সময় মিরাজ তার হাতে থাকা সামুরাই দিয়ে দ্বীন ইসলামের পিঠের মাঝ বরাবর আঘাত করে গুরুতর জখম করে। এতে দ্বীন ইসলামের মেরুদণ্ডের হাড় দৃশ্যমান হয়ে যায়। এ ছাড়া অন্য আসামিরাও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এবং পরে মাটিতে পড়ে গেলে লাথি-ঘুষি মেরে ঘটনাস্থল ত্যাগ করে।

এ ঘটনায় দ্বীন ইসলামের বাবা তাজুল ইসলাম বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। ঘটনার পরপরই র‍্যাব-২ গোয়েন্দা নজরদারি বাড়ায় এবং বিশেষ অভিযান পরিচালনা করে শনিবার মোহাম্মদপুর থানাধীন তাজমহল রোড ও চাঁদ উদ্যান এলাকা থেকে আলিফ মৃধা ও মিরাজকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের সময় আসামিদের দেওয়া তথ্যমতে হত্যাচেষ্টায় ব্যবহৃত একটি ধারালো সামুরাই উদ্ধার করা হয়েছে। র‍্যাব জানায়, প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।