লালমনিরহাটের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। অভিযানে তাদের কাছ থেকে তিনটি চোরাই মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে।
শুক্রবার ও শনিবার জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন রংপুরের তারাগঞ্জ উপজেলার দোহাজারী এলাকার মো. তুহিন ইসলাম (৩০), লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী এলাকার মো. সাদেকুল ইসলাম শাওন (৩৬), কালীগঞ্জ উপজেলার ইম্বোরকোল এলাকার মো. শিমুল মিয়া (২৮) এবং একই উপজেলার লতাবর গ্রামের মো. হাবিবুর রহমান (২৭)।
লালমনিরহাট পুলিশ সুপার মো. আসাদুজ্জামানের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ডিবি পুলিশের একটি দল হাতীবান্ধা উপজেলার দোয়ানী চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে প্রথমে তুহিন ইসলাম ও সাদেকুল ইসলাম শাওনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে একটি রেজিস্ট্রেশনবিহীন ১৫০ সিসি পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কালীগঞ্জ উপজেলার কাকিনা ও লতাবর গ্রামে পৃথক অভিযান চালিয়ে চক্রের আরও দুই সদস্যকে আটক করা হয়। অভিযানে শিমুল মিয়ার বাড়ি থেকে একটি ডিসকভার ১৩৫ সিসি এবং হাবিবুর রহমানের বাড়ি থেকে একটি হোন্ডা শাইন ১২৫ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃতরা একটি সুসংগঠিত আন্তঃজেলা চোর চক্রের সদস্য এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলা থেকে মোটরসাইকেল চুরি করে কেনাবেচা করে আসছিল।
লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে হাতীবান্ধা থানায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। একই সঙ্গে চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে ডিবির অভিযান অব্যাহত রয়েছে।