শুষ্ক ও ঠান্ডা আবহাওয়ায় বাতাসে ক্ষতিকর ধূলিকণার ঘনত্ব বেড়ে যাওয়ায় আজও বিশ্বের দূষিত শহরের তালিকায় উপরের দিকে রয়েছে ঢাকা। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, রোববার সকাল ৯টার দিকে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ২৪৩। এই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়।
একই সময়ে তালিকার শীর্ষে ছিল মিশরের রাজধানী কায়রো, যার স্কোর ২৪৬। তৃতীয় স্থানে ছিল পাকিস্তানের লাহোর। চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে ভারতের কলকাতা (একিউআই ২১০) এবং মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটর (একিউআই ২০৪)। শীর্ষ দশে থাকা অন্যান্য শহরের একিউআই স্কোর ১৫৪ থেকে ১৯১-এর মধ্যে ছিল।
একিউআই মানদণ্ড অনুযায়ী ০–৫০ স্কোর ‘ভালো’, ৫১–১০০ ‘মাঝারি’ এবং ১০১–১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। ১৫১–২০০ স্কোরকে সাধারণভাবে ‘অস্বাস্থ্যকর’ বলা হয়। ২০১–৩০০ স্কোর ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১–৪০০ স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত। এ ধরনের পরিস্থিতিতে শিশু, বয়স্ক ও অসুস্থদের ঘরের ভেতরে থাকা এবং অন্যদের বাইরের কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।