বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে জামায়াতে ইসলামী সরকার গঠন করতে পারলে জোটসঙ্গী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে মন্ত্রী বানানো হবে। রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর বাড্ডায় এক নির্বাচনী জনসভায় তিনি এ ঘোষণা দেন।
ডা. শফিকুর রহমান বলেন, “১২ তারিখ বিজয়ী হলে নাহিদ ইসলামকে মন্ত্রী বানানো হবে। নাহিদদের বিমানের সামনে ককপিটে রেখে পেছনে থাকবে জোটের নেতারা। জামায়াত জোট কোনো ভুলভাল আশ্বাস দেবে না। যা আছে তাই দিয়ে দেশ গড়বে।”
বাড্ডার ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে নাহিদ ইসলামের সমর্থনে ১১ দলীয় জোটের আয়োজিত জনসভায় জামায়াত আমির আরও বলেন, “১২ ফেব্রুয়ারি জনগণ আধিপত্যবাদের গোলামকে লালকার্ড দেখাবে।” তিনি বিএনপিকে ইঙ্গিত করে বলেন, “বিএনপির নাটে–ঘাটে সব কার্ড ভুয়া… ১২ তারিখ জনগণ লাল কার্ড দেখাবে।”
তিনি বক্তব্যে বলেন, “৪৭ ও ৭১–এ জাতির আকাঙ্ক্ষা পূরণ হয়নি। ২৪–এ সাধারণ দাবিকে দমন করতে গিয়ে জুলাই–আগস্ট ঘটে। ৫ আগস্ট আওয়ামী জাহেলিয়াত থেকে জাতি মুক্তি পায়। কিন্তু ৬ আগস্ট থেকে জাতির ওপর আরেক জালেম চড়াও হয়েছে।”
ডা. শফিকুর রহমান আরও বলেন, “১৭ বছরের পলাতকরা এখন মামলা বাণিজ্য করছে… ভিক্ষুকদের কাছেও এরা চাঁদা নেয়।” বিএনপির বিষয়ে তিনি দাবি করেন, “৫৯ জন ব্যাংক ডাকাতকে মনোনয়ন দেওয়া বিএনপির দুর্নীতি দমনের গল্প শুনে পেঁচাও হাসবে।”