শেষ ওভারে জয়ের জন্য নেপালের প্রয়োজন ছিল ১০ রান। রুদ্ধশ্বাস সমীকরণ মেলাতে না পেরে অল্পের জন্য ঐতিহাসিক এক জয় হাতছাড়া করে তারা। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের পঞ্চম ম্যাচে রোববার নেপাল হেরেছে মাত্র ৪ রানে।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইংল্যান্ডের করা ১৮৪ রানের জবাবে নেপাল ২০ ওভারে ৬ উইকেটে থামে ১৮০ রানে। আন্তর্জাতিক ক্রিকেটে এই প্রথম মুখোমুখি হলো দুই দল। কয়েক মাস আগেই টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে সিরিজ হারিয়ে নজর কেড়েছিল নেপাল; এবার দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকেও বিপাকে ফেললেও শেষ বাধা টপকাতে পারেনি।
শেষ ১৫ বলে ৩৭ রান দরকার থাকতেই জফরা আর্চারকে টানা দুই ছক্কা মেরে ম্যাচে রোমাঞ্চ বাড়ান লোকেশ। শেষ ১২ বলে প্রয়োজন নেমে আসে ২৪ রানে। এরপর লুক উডকে দুই চার মেরে সমীকরণ নাগালে রাখলেও শেষ ওভারে ১০ রানের লক্ষ্য পেরোতে পারেননি তিনি। চাপের মধ্যে স্যাম কারান দারুণ বোলিং করে ওভার থেকে দেন মাত্র ৫ রান, বাউন্ডারি আসেনি একটিও। লোকেশ ২০ বলে ২ ছক্কা ও ৪ চারে ৩৯ রান করে অপরাজিত থাকেন।
এর আগে ইংল্যান্ডের ইনিংসে জেকব বেথেল ৩৫ বলে ৪ চার ও ৪ ছক্কায় করেন ৫৫ রান। হ্যারি ব্রুক ৩২ বলে ৪ চার ও ৩ ছক্কায় করেন ৫৩। শেষ দিকে উইল জ্যাকস ১৮ বলে ৪ ছক্কা ও ১ চারে অপরাজিত ৩৯ রানের ক্যামিও খেলে ইংল্যান্ডকে লড়াকু সংগ্রহ এনে দেন।
বল হাতেও অবদান রাখেন জ্যাকস। তিনি ২ ওভারে ১৭ রান দিয়ে নেন ১ উইকেট। ম্যাচসেরার পুরস্কারও ওঠে এই অফস্পিনিং অলরাউন্ডারের হাতে।