এনসিটি ইজারা বাতিলসহ ৪ দফা দাবিতে চট্টগ্রাম বন্দরে ফের অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু

0
31
এনসিটি ইজারা বাতিলসহ ৪ দফা দাবিতে চট্টগ্রাম বন্দরে ফের অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার ভার আরব আমিরাতভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার সিদ্ধান্ত বাতিলসহ চার দফা দাবিতে আবারও লাগাতার ধর্মঘট শুরু করেছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বন্দরে অনির্দিষ্টকালের এ ধর্মঘট শুরু হয়।

ধর্মঘট শুরুর পর বিভিন্ন জেটিতে কনটেইনার ও পণ্য ওঠানামা বন্ধ রয়েছে এবং পণ্য ডেলিভারি কার্যক্রমও স্থবির হয়ে পড়েছে বলে আন্দোলনকারীরা জানিয়েছেন।

সংগ্রাম পরিষদের ঘোষিত চার দফা দাবি হলো এনসিটি ডিপি ওয়ার্ল্ডকে ইজারা না দেওয়ার ঘোষণা, সংকট তৈরির ‘মূল কারণ’ হিসেবে বন্দর চেয়ারম্যানকে প্রত্যাহার, আন্দোলনরত কর্মচারীদের বিরুদ্ধে নেওয়া শাস্তিমূলক ব্যবস্থা বাতিল এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা না নেওয়া।

আন্দোলনকারীরা অভিযোগ করেন, প্রশাসন আন্দোলন দমাতে ভিন্ন পথ অবলম্বন করছে এবং বন্দর ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক পুলিশ ও সেনাবাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। তারা আরও দাবি করেন, সংগ্রাম পরিষদের দুজনকে “তুলে নেওয়া” হয়েছে।

সংগ্রাম পরিষদের অন্যতম সমন্বয়ক মো. ইব্রাহিম খোকন বলেন, সকাল থেকে ধর্মঘট চলছে, কোথাও কোনো কাজ হচ্ছে না এবং শ্রমিক-কর্মচারীরা শতভাগ সমর্থন দিয়ে কাজে যোগ দেননি। তিনি অভিযোগ করেন, বন্দর চেয়ারম্যান শক্তি প্রয়োগ করে আন্দোলন দমন করতে চাইছেন। তার মতে, আলোচনা ছাড়া শক্তি প্রয়োগ করে আন্দোলন দমানো যাবে না এবং শক্তি প্রয়োগ হলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

উল্লেখ্য, এনসিটি ইজারা সিদ্ধান্তের প্রতিবাদে ৩১ জানুয়ারি থেকে চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল কর্মবিরতির ডাক দেয়। পরে তারা চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের ব্যানারে আন্দোলন চালিয়ে যায় এবং গত মঙ্গলবার থেকে পরিষদ লাগাতার কর্মবিরতি শুরু করে।

এর মধ্যে গত বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দরে গিয়ে শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভের মুখে পড়েন নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। তার সঙ্গে বৈঠকের পর সংগ্রাম পরিষদের নেতারা দুই দিনের জন্য কর্মবিরতি স্থগিত করেছিলেন। এরপর বন্দর কার্যক্রম স্বাভাবিক থাকলেও আজ থেকে আবার ধর্মঘট শুরু হলো।