জাপানে জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু, লড়ছেন ১,২৮৪ প্রার্থী

0
22
জাপানে জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু, লড়ছেন ১,২৮৪ প্রার্থী

জাপানে জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৮টা থেকে দেশজুড়ে ভোট দিচ্ছেন সাধারণ মানুষ। এ নির্বাচনে সংসদের নিম্নকক্ষের ৪৬৫টি আসনের জন্য মোট ১ হাজার ২৮৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

গত ২৩ জানুয়ারি প্রধানমন্ত্রী সানাই তাকাচি দেশটির সংসদ ভেঙে দিয়ে ৮ ফেব্রুয়ারি আগাম নির্বাচনের তারিখ ঘোষণা করেন। তিনি জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী। গত বছরের অক্টোবরে দায়িত্ব নেওয়ার পর তার দল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) সংসদে সংখ্যাগরিষ্ঠতা ছিল সামান্য ব্যবধানে। শক্তিশালী সংখ্যাগরিষ্ঠতা অর্জনের লক্ষ্যেই তিনি ক্ষমতা গ্রহণের পরই আগাম নির্বাচনের সিদ্ধান্ত নেন বলে জানানো হয়।

এই নির্বাচনে ক্ষমতাসীন এলডিপির সঙ্গে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে জাপান ইনোভেশন পার্টির। নির্বাচনের ফলাফলের ভিত্তিতে কোন দল সরকার গঠন করবে এবং একই সঙ্গে তাকাচির প্রধানমন্ত্রিত্বের ভবিষ্যৎ কী হবে, সেটিও নির্ধারিত হবে।

দেশটিতে ভোটগ্রহণ চলবে রাত ৮টা পর্যন্ত। ভোট গণনা শেষে ফল জানতে সারারাত লেগে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। সংসদের নিম্নকক্ষের ৪৬৫ আসনের মধ্যে ২৮৯ জন একক নির্বাচনী এলাকা থেকে সরাসরি নির্বাচিত হবেন এবং বাকি ১৭৬ জন ১১টি আঞ্চলিক ব্লকের মাধ্যমে সমানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচিত হবেন।

বিভিন্ন জরিপে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, আসনের দিক থেকে সবচেয়ে এগিয়ে থাকতে পারে ক্ষমতাসীন এলডিপি। এদিকে ১৯৯০ সালের পর প্রথমবার ফেব্রুয়ারিতে জাপানে নির্বাচন হচ্ছে। একই সময়ে জাপান সাগরের উপকূলীয় এলাকায় তুষারপাত হওয়ায় যোগাযোগ ব্যবস্থায় বিঘ্ন ঘটতে পারে এবং বৈরি আবহাওয়ার কারণে ভোটার উপস্থিতি কমে যাওয়ার আশঙ্কাও প্রকাশ করা হয়েছে।