নির্বাচন ঘিরে আজ থেকে মাঠে নামছে সেনাসহ সব বাহিনী

0
33
নির্বাচন ঘিরে আজ থেকে মাঠে নামছে সেনাসহ সব বাহিনী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি)। এদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আজ রোববার (৮ ফেব্রুয়ারি) থেকে সেনাবাহিনীসহ সব বাহিনী নির্বাচনী মাঠে নামছে।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ গণমাধ্যমকে জানান, সেনাবাহিনী আগে থেকেই মাঠে রয়েছে, তবে আজ থেকে আনুষ্ঠানিকভাবে তারা সাত দিনের জন্য দায়িত্ব পালন করবে। একই সঙ্গে ভোটের মাঠে আইনশৃঙ্খলা ও নির্বাহী কার্যক্রমে দায়িত্ব পালন করবেন ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা পরিপত্র অনুযায়ী নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে পরিচালনা এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ, বিজিবি, আনসার ও ভিডিপি এবং কোস্ট গার্ড মোতায়েন করা হবে। পাশাপাশি স্থানীয় বেসামরিক প্রশাসনের সহায়তায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’–এর আওতায় সশস্ত্র বাহিনীর সদস্যদেরও মোতায়েন থাকবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এবার বিভিন্ন বাহিনী মিলিয়ে মোট ৯ লাখ ৭০ হাজারের বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নির্বাচনী দায়িত্ব পালন করবেন। এর মধ্যে আনসার ও ভিডিপি ৫ লাখ ৭৬ হাজার ৪৮৩ জন, সেনাবাহিনী ১ লাখ ৩ হাজার, নৌবাহিনী ৫ হাজার, বিমান বাহিনী ৩ হাজার ৭৩০, বিজিবি ৩৭ হাজার ৪৫৩, কোস্ট গার্ড ৩ হাজার ৫৮৫, পুলিশ ১ লাখ ৮৭ হাজার ৬০৩, র‍্যাব ৯ হাজার ৩৪৯ এবং চৌকিদার-দফাদার ৪৫ হাজার ৮২০ জন সদস্য দায়িত্বে থাকবেন।