পটুয়াখালী-৪ আসনে ধানের শীষের প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন গণধিকার পরিষদ প্রার্থী

0
36
পটুয়াখালী-৪ আসনে ধানের শীষের প্রার্থীকে সমর্থন জানিয়ে  সরে দাঁড়ালেন গণধিকার পরিষদ প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেনকে পূর্ণ সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন গণধিকার পরিষদের মনোনীত প্রার্থী রবিউল হাসান।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় কলাপাড়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। রবিউল হাসান বলেন, পটুয়াখালী-৪ আসনের উন্নয়নের স্বার্থে তিনি সরে দাঁড়াচ্ছেন এবং ধানের শীষের পক্ষে কাজ করার অঙ্গীকার করছেন। তিনি দাবি করেন, ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষের বিজয় হবে।

এ বিষয়ে বিএনপির প্রার্থী এবিএম মোশাররফ হোসেন বলেন, আগামী দিনে জাতীয়তাবাদী রাজনীতিতে যে ঐক্য দরকার, রবিউল হাসান তার প্রতিফলন ঘটিয়েছেন। তিনি রবিউল হাসানের সিদ্ধান্তকে সাধুবাদ জানান এবং বিএনপির নেতাকর্মীদের একসঙ্গে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, সবাই মিলেমিশে এলাকার উন্নয়নে কাজ করবেন।

সংবাদ সম্মেলনে বিএনপি প্রার্থী এবিএম মোশাররফ হোসেনসহ গণধিকার পরিষদ ও বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। একই সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে বহিষ্কৃত পটুয়াখালী জেলা ইসলামী আন্দোলনের সাবেক সভাপতি মুফতি হাবিবুর রহমানও ৫০০ নেতাকর্মী নিয়ে এবিএম মোশাররফ হোসেনকে সমর্থনের কথা জানান।