বিএনপি সবসময় বিশ্বাস করে জনগণই সব ক্ষমতার উৎস: তারেক রহমান

0
24
বিএনপি সবসময় বিশ্বাস করে জনগণই সব ক্ষমতার উৎস: তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মানুষের সাধ্য ও ক্ষমতার বাইরে কোনো প্রতিশ্রুতি দিতে চান না। তিনি বলেন, বিএনপি সবসময় বিশ্বাস করে জনগণই সব ক্ষমতার উৎস, তাই জনগণের সামর্থ্যের বাইরে যায়—এমন কোনো অঙ্গীকার করা হবে না।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে মিরপুর-১০ নম্বর সেনপাড়া আদর্শ সরকারি উচ্চবিদ্যালয় মাঠে ঢাকা-১৫ আসনের বিএনপি প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টনের সমর্থনে আয়োজিত নির্বাচনী পথসভায় তিনি এ কথা বলেন। ওই আসনে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান প্রার্থী রয়েছেন।

তারেক রহমান বলেন, বিএনপি এমন প্রতিশ্রুতিই দেবে, যা বাস্তবায়নযোগ্য। তিনি আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে কেবল ভোটের দিন নয়, বরং দেশ পুনর্গঠন ও মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন হিসেবে উল্লেখ করে বলেন, “এই ১২ তারিখের নির্বাচন হতে হবে দেশ পুনর্গঠনের নির্বাচন, মানুষের ভাগ্যের পরিবর্তনের নির্বাচন।”

তিনি বিএনপির পরিকল্পনার কথা তুলে ধরে বলেন, দলীয় ইশতেহারে নারীদের জন্য করণীয়, ছাত্রসমাজের জন্য উদ্যোগ, বেকার মানুষের কর্মসংস্থান এবং স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার রূপরেখা রয়েছে।

নারী ক্ষমতায়ন প্রসঙ্গে তিনি বলেন, দেশের জনসংখ্যার অর্ধেক নারী। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সরকারের সময়ে নারী শিক্ষায় বিনামূল্যে সুযোগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে মেয়েরা ক্লাস ওয়ান থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত বিনামূল্যে পড়াশোনার সুযোগ পাচ্ছে। ভবিষ্যতে বিএনপি সরকার গঠন করলে নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে প্রতিটি ঘরে গৃহিণীদের কাছে ‘ফ্যামিলি কার্ড’ পৌঁছে দেওয়ার কথাও বলেন তিনি।

কর্মসংস্থান প্রসঙ্গে তারেক রহমান বলেন, প্রতিটি এলাকায় অন্তত একটি করে ভোকেশনাল ইনস্টিটিউট গড়ে তোলা হবে, যেখানে ভাষা শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে তরুণরা ব্যবসা করতে পারবে কিংবা বিদেশে কর্মসংস্থানের সুযোগ পাবে। বিদেশগামী শ্রমিকদের জন্য স্বল্প সুদে ব্যাংক ঋণের ব্যবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, চাকরির জন্য বিদেশে যেতে গিয়ে যাতে কাউকে জমি বিক্রি করতে না হয়, সে উদ্যোগ নেওয়া হবে।

কৃষকদের বিষয়ে তিনি বলেন, কৃষক ভালো থাকলে দেশ ভালো থাকবে। কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ চালু করা হবে এবং ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফের পরিকল্পনার কথাও পুনর্ব্যক্ত করেন তিনি।

স্বাস্থ্যসেবা ও অবকাঠামো উন্নয়নের প্রসঙ্গে তিনি বলেন, গ্রামে গ্রামে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হেলথ কেয়ার কর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হবে। ঢাকা-১৫ এলাকার জন্য হাসপাতাল স্থাপন এবং দীর্ঘদিন ঝুলে থাকা ১০০ ফিট রাস্তার কাজ দ্রুত শুরুর কথাও বলেন তিনি।

পথসভা প্রসঙ্গে বিএনপি জানায়, এদিন ঢাকা উত্তরাঞ্চলের কয়েকটি আসনে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে তিনি প্রথমে ঢাকা-১৭ আসনের ইসিবি চত্বরে পথসভায় বক্তব্য দেন। পরে পল্লবীতে ঢাকা-১৬ আসনের বিএনপি প্রার্থী আমিনুল হকের সমর্থনে পথসভায় যোগ দেন। এরপর তিনি ঢাকা-১৪ আসনের প্রার্থী সায়েদুল ইসলাম তুলির সমর্থনে ন্যাশনাল বাংলা উচ্চবিদ্যালয় মাঠ, শ্যামলী ক্লাব মাঠ এবং বাড্ডার সাঁতারকুল সানভ্যালিতে আরও পথসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

পথসভায় প্রার্থীর পাশাপাশি বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল এবং ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিবসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।