আজকের ব্রিফিংটাই সম্ভবত শেষ: শফিকুল আলম

0
24
আজকের ব্রিফিংটাই সম্ভবত শেষ: শফিকুল আলম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইং প্রেস ব্রিফিং করেছে। এ সময় আজকের ব্রিফিংটাই সম্ভবত শেষ—এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

সোমবার (৯ ফেব্রুয়ারি) ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে তিনি বলেন, গত ১৮ মাসে প্রেস উইং সবসময় চেষ্টা করেছে যত দ্রুত সম্ভব সংবাদ ও তথ্য গণমাধ্যমের কাছে পৌঁছে দিতে এবং প্রতিটি ঘটনার বিষয়ে সরকারের অবস্থান জানাতে।

প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে তথ্য প্রকাশ প্রসঙ্গে শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টার পেজে এমন কোনো খবর নেই যা তারা শেয়ার করেননি। তার দাবি অনুযায়ী, পেজটি মোট মিলিয়ে অন্তত ২০ কোটি বার ভিউ হয়েছে।

ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা প্রসঙ্গে তিনি বলেন, বিভিন্ন সময়ে প্রেস কনফারেন্সে সাংবাদিকদের যত প্রশ্ন ছিল, “সব কোশ্চেনই আমরা নিয়েছি”।

এ সময় প্রেস উইংয়ের আরেক সদস্য আবুল কালাম আজাদ মজুমদার বলেন, তারা সাংবাদিকদের সহযোগিতা করার চেষ্টা করেছেন এবং সাংবাদিকদের সহযোগিতাও পেয়েছেন। তিনি আরও বলেন, আশা করছেন আগামী সপ্তাহে তারা “টেবিলের ওপারে” সাংবাদিকদের সঙ্গেই থাকবেন।

প্রেস উইংয়ের সদস্য ফয়েজ আহমদ বলেন, তিনি সাংবাদিকদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন এবং পেশাদারিত্ব বজায় রাখার চেষ্টা করেছেন। তিনি উল্লেখ করেন, নানা কারণে তারা “এক্সট্রা অর্ডিনারি” পরিস্থিতির মধ্য দিয়ে গেছেন এবং তাদের কোনো আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে তারা দুঃখ প্রকাশ করছেন।