ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, চালক-সহকারী নিহত

0
30
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, চালক-সহকারী নিহত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের সিরাজদিখান অংশে একটি অজ্ঞাত ট্রাকের পেছনে পিকআপ ভ্যানের ধাক্কায় চালক ও তার সহকারী নিহত হয়েছেন। সোমবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে উপজেলার নিমতলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন পিকআপ চালক মো. সুজন (৩৭) এবং তার সহকারী মো. ইছারুল (২৫)। সুজন যশোরের কোতোয়ালি উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মিজানুর রহমানের ছেলে। ইছারুল খুলনার ডুমুরিয়া এলাকার বাসিন্দা।

হাসাড়া হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাতে মাওয়া থেকে ঢাকাগামী কাঁচামালবাহী একটি পিকআপ ভ্যান নিমতলা এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি অজ্ঞাত গাড়িকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই সুজনের মৃত্যু হয় এবং ইছারুল গুরুতর আহত হন।

শ্রীনগর ফায়ার স্টেশনের কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করা হয়। পরে ইছারুলকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসাড়া হাইওয়ে থানার ওসি এ টি এম মাহমুদুল হক বলেন, দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে। নিহতদের মরদেহ এবং দুর্ঘটনাকবলিত পিকআপটি থানায় রাখা আছে। ঘাতক গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।