তিন দলের টুর্নামেন্টের ফাইনাল আজ, মুখোমুখি ধূমকেতু ও দুর্বার একাদশ

0
14
তিন দলের টুর্নামেন্টের ফাইনাল আজ, মুখোমুখি ধূমকেতু ও দুর্বার একাদশ

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল না থাকায় ওই সময়টাকে কাজে লাগিয়ে বিকল্প একটি সংক্ষিপ্ত টুর্নামেন্ট আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত বৃহস্পতিবার থেকে তিন দল নিয়ে এই প্রতিযোগিতা শুরু হয়। ইতোমধ্যে গ্রুপ পর্বের সব ম্যাচ শেষ হয়েছে, আজ সোমবার অনুষ্ঠিত হবে ফাইনাল।

মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে লিটন দাসের নেতৃত্বাধীন ধূমকেতু একাদশ এবং নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দুর্বার একাদশ। সন্ধ্যা ৬টায় ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে।

এই টুর্নামেন্টে সবচেয়ে কম বয়সী ও সদ্য অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলে আসা ক্রিকেটারদের নিয়ে গড়া হয় ইমার্জিং স্কোয়াডের দল দুরন্ত একাদশ। জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে ধূমকেতু একাদশ এবং ‘এ’ দলের ক্রিকেটারদের নিয়ে দুর্বার একাদশ গঠিত হয়।

আড়াই কোটি টাকা প্রাইজমানির এই টুর্নামেন্ট প্রত্যাশিত সাড়া ফেলতে পারেনি বলে সংশ্লিষ্টদের ধারণা। একটি ম্যাচে তুলনামূলক উত্তেজনা থাকলেও দর্শক উপস্থিতি খুব বেশি ছিল না। গ্রুপ পর্বে দুটি জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে ফাইনালে উঠেছে শান্তর দুর্বার একাদশ। অন্যদিকে একটি জয় নিয়েই ফাইনালে জায়গা করে নেয় লিটনের ধূমকেতু একাদশ। তরুণদের নিয়ে গড়া দুরন্ত একাদশ কোনো ম্যাচ জিততে পারেনি।

বিসিবি জানিয়েছে, খেলোয়াড়দের ম্যাচ খেলার ধারাবাহিকতা, মনোবল ধরে রাখা এবং বিশ্বকাপকালীন সময়ে আর্থিক সুবিধা নিশ্চিত করার লক্ষ্যেই এই টুর্নামেন্ট আয়োজন করা হয়। তবে টুর্নামেন্ট জুড়ে তরুণদের পারফরম্যান্স খুব একটা চোখে পড়ার মতো হয়নি।