‘পরিবর্তন হলেই অপকর্মের পথ বন্ধ হবে’: জাতির উদ্দেশ্যে ভাষণে জামায়াত আমির

0
20
‘পরিবর্তন হলেই অপকর্মের পথ বন্ধ হবে’: জাতির উদ্দেশ্যে ভাষণে জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশনে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন। ভাষণে তিনি উল্লেখ করেন, দেশে একটি প্রকৃত পরিবর্তন এলে অপকর্মের সব পথ বন্ধ হয়ে যাবে এবং মানুষের অধিকার কেড়ে নেওয়ার সুযোগ থাকবে না। তবে একটি নির্দিষ্ট মহল নিজেদের স্বার্থে এই পরিবর্তনের বিরোধিতা করছে বলে তিনি অভিযোগ করেন।

শুরুতেই তিনি জুলাই বিপ্লব ও মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, জুলাইয়ের আন্দোলন ছিল একটি বৈষম্যহীন বাংলাদেশ ও ফ্যাসিবাদী রাজনীতির ধারা পরিবর্তনের দাবিতে। দীর্ঘদিনের মানবাধিকার লঙ্ঘন ও ভোটাধিকার হরণের বিরুদ্ধে তরুণ প্রজন্মের এই জাগরণ দেশকে ‘বাংলাদেশ ২.০’ বা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছে। ডা. শফিকুর রহমান তরুণদের মেধা ও সাহসের প্রশংসা করে তাদের আগামীর নেতৃত্ব হিসেবে উল্লেখ করেন এবং নতুন দেশ গড়ার কাজে তাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

রাষ্ট্র সংস্কারের ওপর জোর দিয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের কিছু সংস্কার অসম্পূর্ণ রয়ে গেছে, যা স্থায়ী করার জন্য ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের পাশাপাশি গণভোট আয়োজন করা হয়েছে। তিনি ভোটারদের ‘হ্যাঁ’ ভোট দেওয়ার অনুরোধ করেন। জামায়াত ক্ষমতায় গেলে সততা, সুশাসন ও ইনসাফের ভিত্তিতে দেশ চালাবে এবং কোনো ধর্মীয় বা সামাজিক বৈষম্য থাকবে না বলে তিনি প্রতিশ্রুতি দেন। বিশেষ করে নারী অধিকার ও নিরাপত্তা এবং ধর্মীয় সংখ্যালঘুদের জানমালের হেফাজত করার অঙ্গীকার করেন তিনি।

আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে জাতীয় মর্যাদাকে প্রাধান্য দিয়ে সমমর্যাদার ভিত্তিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন জামায়াত আমির। রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কূটনৈতিক তৎপরতা জোরদার করার কথাও জানান তিনি। পরিশেষে, রাষ্ট্রীয় দায়িত্বকে ভোগের বস্তু নয় বরং আমানত হিসেবে উল্লেখ করে তিনি ১২ ফেব্রুয়ারি জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের প্রার্থীদের বিজয়ী করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।