ফুলকোর্ট সভায় সিদ্ধান্ত: পুরো মাস নয়, এখন থেকে ডিসেম্বরে ১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত

0
31
ফুলকোর্ট সভায় সিদ্ধান্ত: পুরো মাস নয়, এখন থেকে ডিসেম্বরে ১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত

অধস্তন আদালতে ডিসেম্বর মাসজুড়ে টানা বার্ষিক ছুটি আর থাকবে না। এর পরিবর্তে ডিসেম্বর মাসে ১৫ দিন এবং জুন মাসে ১৫ দিন করে দুই দফায় মোট এক মাস অবকাশকালীন ছুটি থাকবে। ফলে আগে যেখানে টানা এক মাস ছুটি থাকত, এখন অধস্তন আদালতের বিচারকরা দুই ধাপে এক মাসের ছুটি কাটাবেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভার একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্রগুলো জানায়, প্রতিবছর ১ জুন থেকে ১৫ জুন এবং ১৭ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর অধস্তন আদালতে অবকাশকালীন ছুটি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে এবং চলতি বছর থেকেই তা কার্যকর হবে।

ফুলকোর্ট সভায় আরও জানানো হয়, সুপ্রিম কোর্ট সচিবালয়ে ৪৬ জন বিচার বিভাগীয় কর্মকর্তা পদায়নের সিদ্ধান্ত হয়েছে। এরই মধ্যে ৬ জন কর্মকর্তাকে সুপ্রিম কোর্ট সচিবালয়ে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে সুপ্রিম কোর্টের রেকর্ড ভবনের ২, ৩ ও ৪ তলায় সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম পরিচালনার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

ফুলকোর্ট সভায় সভাপতিত্ব করেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। সভায় হাইকোর্ট বিভাগের সব বিচারপতি অংশ নেন। সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে বিকেল ৪টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত সভাটি অনুষ্ঠিত হয়।