লালমনিরহাটে স্বতন্ত্র প্রার্থী শিহাব আহম্মেদের গাড়িবহরে হামলা

0
12
লালমনিরহাটে স্বতন্ত্র প্রার্থী শিহাব আহম্মেদের গাড়িবহরে হামলা

লালমনিরহাটে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। লালমনিরহাট-১ (হাতীবান্ধা–পাটগ্রাম) আসনের স্বতন্ত্র প্রার্থী শিহাব আহম্মেদের গাড়িবহরে দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। রোববার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে হাতীবান্ধা উপজেলার জোড়াপুকুর এলাকায় এ হামলা চালানো হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, রাতে প্রচারণা শেষ করে ফেরার পথে জোড়াপুকুর এলাকায় পৌঁছালে একদল হামলাকারী হঠাৎ শিহাব আহম্মেদের গাড়িবহরকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে প্রার্থীর ব্যক্তিগত গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। হামলায় শিহাব আহম্মেদসহ তার সঙ্গে থাকা কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ ওঠে।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ সমর্থকরা দোষীদের গ্রেপ্তার দাবিতে বুড়িমারী–পাটগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের দুই পাশে শতাধিক পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাস আটকে পড়ে এবং দীর্ঘ যানজটে সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে হাতীবান্ধা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে। উত্তেজনা থাকায় এলাকায় অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।

হামলার বিষয়ে শিহাব আহম্মেদ বলেন, তারা শান্তিপূর্ণভাবে প্রচারণা শেষ করে ফিরছিলেন, কিন্তু পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে এবং গাড়ি ভাঙচুর করা হয়েছে। তিনি দাবি করেন, এ ধরনের সহিংসতায় ভোটাররা ভোটকেন্দ্রে যেতে ভয় পেতে পারেন এবং সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করেছে এবং সমর্থকদের সঙ্গে কথা বলে ধীরে ধীরে অবরোধ প্রত্যাহারের চেষ্টা করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে তিনি জানান এবং হামলাকারীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেন।