ওমানকে ৮ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু জিম্বাবুয়ের

0
32
ওমানকে ৮ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু জিম্বাবুয়ের

টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর জিম্বাবুয়ে শুরু করেছে দারুণভাবে। কলম্বোতে ওমানকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে সিকান্দার রাজাদের দল। আগে ব্যাট করতে নেমে ওমান ২০ ওভারে মাত্র ১০৩ রানে গুটিয়ে গেলে জিম্বাবুয়ে ৮ উইকেট ও ৩৯ বল হাতে রেখেই লক্ষ্য ছুঁয়ে ফেলে।

কলম্বোতে টস জিতে জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা ওমানকে ব্যাটিংয়ে পাঠান। শুরু থেকেই জিম্বাবুয়ের বোলারদের দাপটে বিপর্যয়ে পড়ে ওমান। শেষ পর্যন্ত তারা চাপ সামলাতে পারেনি এবং কোনোমতে শতরান পার করে ১০৩ রানে অলআউট হয়।

ওমানের হয়ে সর্বোচ্চ ২৮ রান করেন ভিনায়েক শুক্লা। সুফিয়ান মাহমুদ ২৫ ও নাদিম খান ২০ রান করেন। বাকিদের কেউ দুই অঙ্ক ছুঁতে পারেননি। জিম্বাবুয়ের পক্ষে রিচার্ড এনগারাভা, ব্লেসিং মুজারাবানি ও ব্রাড ইভান্স তিনটি করে উইকেট নেন।

লক্ষ্য তাড়ায় জিম্বাবুয়ে ৩০ রানে দুই উইকেট হারিয়ে শুরুতে কিছুটা চাপে পড়ে। তাদিওয়ানাসে মারুমানি ২১ রানে এবং ডিওন মেয়ার্স শূন্য রানে আউট হন। এরপর ব্রায়ান বেনেট ও ব্রেন্ডেন টেইলর ৬৮ রানের দৃঢ় জুটি গড়ে দলকে জয়ের কাছে নিয়ে যান। টেইলর ৩১ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন। পরে বেনেটের সঙ্গে অধিনায়ক সিকান্দার রাজা ক্রিজে থেকে ম্যাচ শেষ করেন। বেনেট অপরাজিত থাকেন ৪৮ রানে এবং রাজা করেন অপরাজিত ৫ রান।