আয়ারল্যান্ডকে ২০ রানে হারিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপে জয় দিয়ে শুরু করেছে স্বাগতিক শ্রীলঙ্কা। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে কুশল মেন্ডিসের দায়িত্বশীল ইনিংস ও কামিন্দু মেন্ডিসের ঝড়ো ব্যাটিংয়ে লঙ্কানরা তোলে ১৬৩ রান। জবাবে ১৪৩ রানে অলআউট হয়ে যায় আয়ারল্যান্ড।
টস জিতে ফিল্ডিং নেয় আয়ারল্যান্ড। ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা শুরুতে ধীরে এগোয়। ওপেনাররা ২৮ রানের জুটি গড়লেও কামিল মিশারা ১১ বলে ১৪ রান করে আউট হন। পাওয়ার প্লেতে শ্রীলঙ্কার রান ছিল ৫০, উইকেট ১টি। মাঝের ওভারগুলোতে রান কমে যায়—৭ থেকে ১৫ ওভারের মধ্যে কোনো বাউন্ডারি আসেনি এবং এ সময় যোগ হয় মাত্র ৪৫ রান। তবে শেষ পাঁচ ওভারে চিত্র বদলে দেয় লঙ্কানরা; চার-ছক্কায় আসে ৬৮ রান।
কুশল মেন্ডিস ৪৩ বলে ৫৬ রান করে অপরাজিত থাকেন; ইনিংসে ছিল ৫টি চার, তবে কোনো ছক্কা ছিল না। শেষ দিকে কামিন্দু মেন্ডিস ১৯ বলে ৪ চার ও ২ ছক্কায় করেন ৪৪ রান। ওপেনার পাথুম নিশাঙ্কা করেন ২৪। বাকিদের কেউ ২০ পেরোতে পারেননি। আয়ারল্যান্ডের হয়ে ডর্করেল ও ম্যাকার্থি ২টি করে উইকেট নেন।
১৬৪ রানের লক্ষ্য তাড়ায় চতুর্থ ওভারেই ধাক্কা খায় আয়ারল্যান্ড; অধিনায়ক পল স্টারলিং ১৩ বলে ৬ রান করে আউট হন। এরপর রস আডায়ার ও হ্যারি টেক্টর ৩২ রানের জুটি গড়েন। আডায়ার ৩৪ রানে ফিরলে টেক্টরের সঙ্গে যোগ দেন লরকান টাকার। তবে ১০৩ রানে টেক্টর–টাকারের জুটি ভাঙার পরই ব্যাটিং ধস নামে আয়ারল্যান্ডের। শেষ দিকে নামা ছয় ব্যাটসম্যানের কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি, ফলে তারা ১৪৩ রানে অলআউট হয়ে ম্যাচ হাতছাড়া করে।
শ্রীলঙ্কার বোলারদের মধ্যে মাহেশ থিকসানা ও ওয়ানিন্দু হাসারাঙ্গা ৩টি করে উইকেট নেন। মাথিশা পাথিরানা নেন ২ উইকেট। ব্যাট হাতে শেষদিকে ঝড়ো ইনিংসের জন্য ম্যাচসেরা হন কামিন্দু মেন্ডিস।
টি–টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার পরের ম্যাচ ১২ ফেব্রুয়ারি ওমানের বিপক্ষে। অন্যদিকে আয়ারল্যান্ড ১১ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে।