আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে নির্বাচনী উত্তাপ বাড়ার পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে আচরণবিধি লঙ্ঘনের ঘটনা। নির্বাচন কমিশনের কঠোর নজরদারি ও ভ্রাম্যমাণ আদালতের নিয়মিত অভিযানের পরেও অনেক প্রার্থী ও তাদের সমর্থকরা নিয়ম ভাঙছেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, গত এক মাসে সারাদেশে আচরণবিধি ভঙ্গের দায়ে ২৫৯টি মামলায় মোট ৩২ লাখ ১৫ হাজার ৯৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন্স) ও নির্বাচনী কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্য সচিব মো. সাইফুল ইসলামের সই করা এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে জানানো হয়, গত ৮ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত পরিচালিত অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মোট ৪৬১টি আচরণবিধি লঙ্ঘনের ঘটনা শনাক্ত করেছেন। এর মধ্যে ২৫৯টি ঘটনায় সরাসরি আর্থিক দণ্ড প্রদান করা হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, গত ৩ ফেব্রুয়ারি একদিনে সর্বোচ্চ সংখ্যক অনিয়ম শনাক্ত হয়, যেখানে ১৩টি মামলায় ২ লাখ ৫৪ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়।
ভোটের দিন ঘনিয়ে আসায় শেষ মুহূর্তের প্রচারণায় বিশৃঙ্খলা এড়াতে কমিশন তাদের অভিযান আরও জোরদার করেছে। গত ৬ ফেব্রুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত তিন দিনের অভিযানে বিভিন্ন মেয়াদে জরিমানা আদায় করা হয়েছে। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়েছেন যে, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে ভ্রাম্যমাণ আদালতের এই তৎপরতা অব্যাহত থাকবে। কোনো দল বা প্রার্থীর ক্ষেত্রে নমনীয়তা দেখানো হবে না এবং প্রয়োজনে আরও কঠোর আইনগত পদক্ষেপ নেওয়া হবে।