সাংবাদিক-পর্যবেক্ষকরা ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন: নির্বাচন কমিশনার সানাউল্লাহ

0
21
সাংবাদিক-পর্যবেক্ষকরা ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন: নির্বাচন কমিশনার সানাউল্লাহ

আসন্ন ১২ ফেব্রুয়ারির গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিক এবং নির্বাচন পর্যবেক্ষকরা ভোটকেন্দ্রের ভেতরে মোবাইল ফোন বহন করতে পারবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ফলাফল বুথ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি জানান, সাংবাদিক ও পর্যবেক্ষকরা মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করলে কোনো সমস্যায় পড়বেন না।

এর আগে রোববার (৮ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলামের স্বাক্ষরিত একটি চিঠিতে ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে মোবাইল ফোন বহন ও ব্যবহার নিষিদ্ধের নির্দেশনা দেওয়া হয়েছিল। ওই চিঠিতে বলা হয়, কেবল প্রিজাইডিং কর্মকর্তা, সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা এবং অ্যাপ ব্যবহারের জন্য নির্দিষ্ট দুইজন আনসার সদস্য মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন। এতে প্রার্থী ও সাংবাদিকদের মোবাইল ফোন ব্যবহার নিয়ে উদ্বেগ ও প্রতিক্রিয়া তৈরি হয়।

এই প্রেক্ষাপটে সোমবার রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) নির্বাচন কমিশন সচিবের সঙ্গে সাক্ষাৎ করে সিদ্ধান্তটির প্রতিবাদ জানায়। সংগঠনের সভাপতি কাজী জেবেল বলেন, এমন সিদ্ধান্ত নির্বাচনের স্বচ্ছতা ও গণমাধ্যমের স্বাধীনতার পথে বাধা সৃষ্টি করতে পারে এবং সাংবাদিকদের দায়িত্ব পালনে মোবাইল ফোন অপরিহার্য।

এ বিষয়ে কমিশনার সানাউল্লাহ বলেন, সাংবাদিকদের ক্ষেত্রে মোবাইল ফোন বহনের নিষেধাজ্ঞা শিথিল করা হবে এবং দ্রুতই এ বিষয়ে নতুন প্রজ্ঞাপন জারি করা হবে।