কানাডাকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে উড়ন্ত সূচনা দক্ষিণ আফ্রিকার

0
21
কানাডাকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে উড়ন্ত সূচনা দক্ষিণ আফ্রিকার

টি-টোয়েন্টি বিশ্বকাপের নতুন আসরে উড়ন্ত সূচনা করেছে দক্ষিণ আফ্রিকা। এইডেন মার্করামের বিধ্বংসী ফিফটি এবং লুঙ্গি এনগিডির দুর্দান্ত বোলিংয়ে প্রথম দেখায় কানাডাকে ৫৭ রানের বিশাল ব্যবধানে পরাজিত করেছে প্রোটিয়ারা। গত বিশ্বকাপের ফাইনালে হারের আক্ষেপ ভুলে এবার আসরের সর্বোচ্চ দলীয় সংগ্রহ গড়ে দাপুটে জয় তুলে নিল তারা।

ম্যাচের শুরুতে ব্যাটিংয়ে নেমে ‘ডি’ গ্রুপের এই লড়াইয়ে দক্ষিণ আফ্রিকা ৪ উইকেটে ২১৩ রানের পাহাড় গড়ে। উদ্বোধনী জুটিতে কুইন্টন ডি কক ২৫ রান করে বিদায় নেওয়ার পর অধিনায়ক এইডেন মার্করাম ও রায়ান রিকেলটন ২৯ বলে ৫৬ রানের ঝোড়ো জুটি গড়েন। মার্করাম মাত্র ৩২ বলে ১০টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৫৯ রান করে আউট হন। মাঝে আনশ প্যাটেলের বোলিং তোপে পড়ে দ্রুত ৩ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকা কিছুটা চাপে পড়লেও, শেষ দিকে ডেভিড মিলার ও ট্রিস্টান স্টাবসের ৭৫ রানের অবিচ্ছিন্ন জুটি দলকে দুইশ পার করতে সাহায্য করে। মিলার ৩৯ ও স্টাবস ৩৪ রানে অপরাজিত থাকেন।

২১৪ রানের বিশাল লক্ষ্যে তাড়া করতে নেমে শুরুতেই প্রোটিয়া পেসার লুঙ্গি এনগিডির তোপের মুখে পড়ে কানাডা। মাত্র ৪৫ রানেই ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় তারা, যার তিনটিই নেন এনগিডি। এরপর নভনীত ঢালিওয়াল ও হার্শ ঠাকের ৬৯ রানের জুটি গড়ে লড়াইয়ের চেষ্টা করেন। ঢালিওয়াল ৪৯ বলে ৬৪ রানের দুর্দান্ত ইনিংস খেললেও অন্য প্রান্ত থেকে যোগ্য সঙ্গ পাননি। হার্শ ৩৩ রান করে এনগিডির চতুর্থ শিকারে পরিণত হলে কানাডার ইনিংস ১৫৬ রানেই থমকে যায়। মার্কো জানসেন ১৮তম ওভারে জোড়া উইকেট শিকার করে জয়ের পথ আরও সহজ করে দেন। ৪ ওভারে ৩১ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা নির্বাচিত হন লুঙ্গি এনগিডি।