বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দিয়েছেন যে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জয়ী হয়ে সরকার গঠন করলে রাজধানীসহ সারাদেশের জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর লালবাগে আয়োজিত এক জনসভায় তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পদাঙ্ক অনুসরণ করে আগামী বর্ষা মৌসুমের আগেই দেশব্যাপী ব্যাপক হারে খাল খনন কর্মসূচি শুরু করার পরিকল্পনাও তুলে ধরেন তিনি।
তারেক রহমান দাবি করেন, বিএনপিই একমাত্র রাজনৈতিক দল যাদের দেশ পুনর্গঠনের সুনির্দিষ্ট পরিকল্পনা ও অতীত অভিজ্ঞতা রয়েছে।
জনসভায় তারেক রহমান রাষ্ট্রীয় কাঠামোর আমূল পরিবর্তনের পাশাপাশি জনকল্যাণমূলক বিভিন্ন প্রকল্পের কথা উল্লেখ করেন। তিনি জানান, বিএনপির সরকার গৃহিণীদের অর্থনৈতিক নিরাপত্তার জন্য ‘ফ্যামিলি কার্ড’ এবং কৃষকদের সরাসরি সহায়তার জন্য ‘কৃষি কার্ড’ চালু করবে। স্বাস্থ্যসেবাকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের পাশাপাশি তরুণদের কারিগরি ও আইটি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলার প্রতিশ্রুতি দেন তিনি। এছাড়া প্রবাসীদের জন্য সহজ শর্তে ব্যাংক ঋণ এবং ইমাম ও মুয়াজ্জিনসহ ধর্মীয় গুরুদের জন্য রাষ্ট্রীয় সম্মানী চালুর ঘোষণাও দেন বিএনপি চেয়ারম্যান।
নির্বাচনকে কেন্দ্র করে বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, একটি মহল ভোটারদের বিভ্রান্ত করতে এনআইডি বা বিকাশ নম্বর চেয়ে গোপন ষড়যন্ত্র করছে। তিনি এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে জনগণকে সজাগ থাকার অনুরোধ জানান এবং ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির পক্ষে রায় দেওয়ার আহ্বান জানান।
তিনি জোর দিয়ে বলেন, দীর্ঘ লড়াই ও আত্মত্যাগের বিনিময়ে অর্জিত ভোটাধিকার রক্ষা করতে হলে এবং একটি নিরাপদ রাষ্ট্র গড়তে হলে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।