ধর্ষণ ও নির্যাতনের মামলা: হিরো আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

0
31
ধর্ষণ ও নির্যাতনের মামলা: হিরো আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বিয়ের প্রলোভনে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগে করা মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক আনোয়ারুল হক এই আদেশ দেন। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঘটনার প্রাথমিক সত্যতা পেয়ে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর এই আইনি পদক্ষেপ নেওয়া হলো।

মামলার বিবরণ অনুযায়ী, সাদিয়া রহমান মিথিলা নামের এক নারীকে নায়িকা বানানোর প্রলোভন দেখিয়ে এবং বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ ও শারীরিক নির্যাতন করার অভিযোগ ওঠে হিরো আলমের বিরুদ্ধে।

ভুক্তভোগীর অভিযোগ, তাকে জোরপূর্বক গর্ভপাত করাতেও বাধ্য করা হয়েছিল। এসব ঘটনায় ২০২৫ সালের ২১ এপ্রিল নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন মিথিলা। রাষ্ট্রপক্ষের আইনজীবী আলী আসগার জানান, অভিযোগ আমলে নিয়ে বিচারক হিরো আলমকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন।

আদালতের এই আদেশের পর হিরো আলম বর্তমানে নজরদারিতে রয়েছেন বলে জানা গেছে। পিবিআইয়ের তদন্তে ঘটনার সত্যতা মেলায় মামলার বিচারিক কার্যক্রম এখন আরও জোরালো হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আলোচিত এই কনটেন্ট ক্রিয়েটর এর আগেও বিভিন্ন ব্যক্তিগত ও সামাজিক বিতর্কে জড়িয়েছেন, তবে এবার সরাসরি ফৌজদারি অপরাধের অভিযোগে আইনি জটিলতার মুখে পড়লেন তিনি।