আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে শিল্পাঞ্চলসহ সারাদেশে ছুটি শুরু হওয়ায় ঢাকা ছাড়তে শুরু করেছেন লাখো মানুষ। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকেই ঘরমুখী মানুষের চাপে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ভয়াবহ যানজট তৈরি হয়েছে। বিশেষ করে গাজীপুরের টঙ্গী, আব্দুল্লাহপুর, চান্দনা চৌরাস্তা এবং চন্দ্রা ত্রিমোড় এলাকায় যানবাহনের দীর্ঘ সারি ও যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
নির্বাচনী ছুটি ও গণভোটের জন্য সরকার ১১ ও ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে। এছাড়া শিল্পাঞ্চলের শ্রমিকদের ভোটাধিকার নিশ্চিত করতে আজ ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটি দেওয়ায় সকাল থেকেই বাস টার্মিনালগুলোতে মানুষের ঢল নামে। তবে যাত্রীদের অভিযোগ, এই সুযোগে পরিবহন শ্রমিকরা কয়েক গুণ বাড়তি ভাড়া আদায় করছেন। ঢাকা থেকে ময়মনসিংহগামী বাসের নিয়মিত ভাড়া ২৫০ টাকা হলেও আজ তা ৫০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। বাসে জায়গা না পেয়ে অনেক শ্রমিক ও নিম্নআয়ের মানুষ বাধ্য হয়ে তিন-চার গুণ বেশি ভাড়ায় ট্রাকে করে গন্তব্যে রওনা হচ্ছেন।
মহাসড়কের বর্তমান পরিস্থিতি নিয়ে হাইওয়ে পুলিশ জানিয়েছে, বিপুল সংখ্যক মানুষ একসঙ্গে ঢাকা ছাড়ার কারণে মহাসড়কের প্রায় ৫০ কিলোমিটার এলাকা জুড়ে ধীরগতি ও যানজট সৃষ্টি হয়েছে। কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় উত্তরবঙ্গগামী যাত্রীদের ভিড় সবচেয়ে বেশি। পুলিশ ও প্রশাসন যানজট নিরসনে কাজ করলেও অর্ধেকের বেশি সদস্য নির্বাচনের দায়িত্বে নিয়োজিত থাকায় জনবল সংকটে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হিমশিম খেতে হচ্ছে। ভোগান্তির শিকার যাত্রীরা এই বিশৃঙ্খলা রোধে এবং নিরাপদ যাত্রা নিশ্চিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।