বিজয় অভিনীত ‘জন নায়কণ’: আইনি লড়াই থামিয়ে সেন্সর ছাড়পত্রের নতুন পথে নির্মাতারা

0
26
বিজয় অভিনীত ‘জন নায়কণ’: আইনি লড়াই থামিয়ে সেন্সর ছাড়পত্রের নতুন পথে নির্মাতারা

তামিল সুপারস্টার থালাপতি বিজয়ের রাজনৈতিক থ্রিলারধর্মী সিনেমা ‘জন নায়কণ’ মুক্তির পথে থাকা আইনি জটিলতায় নতুন মোড় এসেছে। সিনেমাটির সেন্সর সার্টিফিকেট নিয়ে চলা দীর্ঘদিনের আইনি লড়াই থেকে সরে এসে নির্মাতারা এখন সমঝোতার পথ বেছে নিয়েছেন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) মাদ্রাজ হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি পিটি আশা নির্মাতাদের করা রিট পিটিশনটি প্রত্যাহারের অনুমতি দিয়েছেন।

সিনেমাটি দীর্ঘদিন ধরে ‘সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন’ (সিবিএফসি)-এর টেবিলে আটকে থাকায় এর মুক্তি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল।

এর আগে আদালত ছবিটিকে ‘ইউ/এ’ সার্টিফিকেট দেওয়ার নির্দেশ দিলেও উচ্চতর বেঞ্চ তাতে স্থগিতাদেশ দেয়। বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ালেও শেষ পর্যন্ত মামলাটি মাদ্রাজ হাইকোর্টেই ফেরত পাঠানো হয়। আইনি প্রক্রিয়া দীর্ঘায়িত হওয়ায় ছবির ব্যবসায়িক ক্ষতির কথা বিবেচনা করে নির্মাতারা এখন ‘সংশোধন কমিটি’ বা রিভাইজিং কমিটির মাধ্যমে বিষয়টি সমাধানের সিদ্ধান্ত নিয়েছেন।

প্রযোজনা সংস্থা ‘কেভিএন প্রোডাকশনস’ জানিয়েছে, আদালতের মামলা তুলে নেওয়ায় এখন সিবিএফসি-এর সঙ্গে সরাসরি আলোচনার মাধ্যমে দ্রুত সেন্সর ছাড়পত্র পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। তাদের প্রধান লক্ষ্য হলো দ্রুততম সময়ের মধ্যে সব প্রক্রিয়া সম্পন্ন করে সিনেমাটি প্রেক্ষাগৃহে নিয়ে আসা।

আইনি লড়াইয়ের পরিবর্তে এই নমনীয় অবস্থান ভক্তদের মনে সিনেমাটি শীঘ্রই মুক্তির নতুন আশা জাগিয়েছে।