যুক্তরাষ্ট্রে ৯০ শতাংশ পণ্য রপ্তানিতে শূন্য শুল্ক সুবিধা পাবে বাংলাদেশ: বাণিজ্য উপদেষ্টা

0
17
যুক্তরাষ্ট্রে ৯০ শতাংশ পণ্য রপ্তানিতে শূন্য শুল্ক সুবিধা পাবে বাংলাদেশ: বাণিজ্য উপদেষ্টা

যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে (এফটিএ) আগ্রহী নয় বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তবে বাংলাদেশি পণ্যের ওপর মার্কিন শুল্ক ১৯ শতাংশে নামিয়ে আনার বিষয়টিকে তিনি একটি বড় অর্জন হিসেবে উল্লেখ করেছেন। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত শুল্ক চুক্তির ফলে মোট রপ্তানির প্রায় ৯০ শতাংশ পণ্যে বাংলাদেশ শূন্য শুল্ক সুবিধা পাবে বলে তাদের ধারণা।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। বাণিজ্য উপদেষ্টা জানান, বাংলাদেশ থেকে বছরে এক লাখ কোটি টাকার বেশি পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়, যার মধ্যে প্রায় ৮৬ শতাংশ আসে তৈরি পোশাক খাত থেকে। তার ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের তুলা ও কৃত্রিম তন্তু ব্যবহার করে তৈরি পোশাক রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা দেবে ট্রাম্প প্রশাসন, যা বাংলাদেশের বাণিজ্যের জন্য বড় অর্জন।

চুক্তি প্রসঙ্গে তিনি বলেন, এই ব্যবস্থায় যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক, টেক্সটাইল ও সুতা রপ্তানি বাড়বে বলে তারা আশাবাদী। তবে তিনি উল্লেখ করেন, ভবিষ্যতে নির্বাচিত সরকার চাইলে শুল্ক চুক্তি থেকে বের হয়ে আসতে পারবে—এমন ধারাও চুক্তিতে রাখা হয়েছে।

রমজানে বাজার পরিস্থিতি ও মূল্যস্ফীতি নিয়ে শেখ বশিরউদ্দীন বলেন, রমজানের বাজারদর দিয়েই জনসাধারণ তাদের কাজের মূল্যায়ন করবে। তিনি দাবি করেন, সামগ্রিকভাবে মূল্যস্ফীতি কমছে এবং এমন কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, যাতে পরবর্তী নির্বাচিত সরকার ক্ষমতায় এসে ভোজ্যতেলের দামসহ নিত্যপণ্যের বাজার আরও সহনীয় করতে পারে। এ সময় তিনি অভিযোগ করেন, শেখ হাসিনার নির্দেশনায় এস আলমসহ কয়েকটি প্রতিষ্ঠান দীর্ঘদিন নিত্যপণ্যের বাজার জিম্মি করে রেখেছিল।

ব্রিফিংয়ে তিনি আরও বলেন, দুর্নীতিবাজদের বিরুদ্ধে সরকার যৌথভাবে ব্যবস্থা নিয়েছে বলেও তিনি মনে করেন।