কুমিল্লার আদর্শ সদর উপজেলায় ভারত সীমান্তবর্তী একটি এলাকায় টানা আট ঘণ্টা বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১)।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ভোররাত থেকে দুপুর পর্যন্ত উপজেলার কটকবাজার গ্রামের দুটি পুকুরে পানি সেচে এই তল্লাশি চালানো হয়। র্যাব-১১ এর কুমিল্লা কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে ভারত থেকে একটি বড় অস্ত্রের চালান সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেছে। এই তথ্যের ভিত্তিতে সীমান্ত থেকে মাত্র ৩৫০ মিটার দূরে কটকবাজার কবরস্থানের পাশের দুটি পুকুরে নজরদারি শুরু করা হয়। পরবর্তীতে শ্যালো মেশিন দিয়ে পুকুরের পানি সেঁচে তল্লাশি চালালে সাদা প্লাস্টিকের বস্তায় মোড়ানো দুটি ব্যাগ পাওয়া যায়।
উদ্ধারকৃত অস্ত্রের তালিকায় রয়েছে তিনটি বিদেশি পিস্তল, একটি রিভলভার, দুটি একনালা বন্দুক (ওয়ান শুটারগান), ছয়টি ম্যাগাজিন, বিপুল পরিমাণ গুলি এবং ৩৩টি দেশীয় ধারালো অস্ত্র (দা, ছুরি ও চাইনিজ কুড়াল)।
নির্বাচনের মাত্র দুই দিন আগে সীমান্ত এলাকায় এমন অস্ত্র উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
র্যাব জানিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্রগুলো আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে নাশকতার উদ্দেশ্যে আনা হয়েছিল কি না, তা গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে।
এই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে এবং উদ্ধারকৃত সরঞ্জামগুলো সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলছে। নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলেও জানিয়েছে র্যাব।