ভারত মহাসাগরে চীনগামী ভেনেজুয়েলার তেলবাহী বিশাল জাহাজ জব্দ করল মার্কিন নৌবাহিনী

0
28
ভারত মহাসাগরে চীনগামী ভেনেজুয়েলার তেলবাহী বিশাল জাহাজ জব্দ করল মার্কিন নৌবাহিনী

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত ‘কোয়ারেন্টাইন’ বা অবরোধ অমান্য করে ভেনেজুয়েলা থেকে তেল পরিবহন করায় ভারত মহাসাগর থেকে ‘অ্যাকুইলা ২’ নামের একটি বিশালাকৃতির ট্যাংকার জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এক দুঃসাহসিক অভিযান চালিয়ে জাহাজটি নিয়ন্ত্রণে নেওয়া হয়। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) পোস্ট করা এক বার্তায় এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ জানান, জাহাজটি ক্যারিবিয়ান সাগর থেকেই মার্কিন নৌবাহিনীর নজরদারিতে ছিল। ট্রাম্প প্রশাসনের জারি করা নিষেধাজ্ঞা অমান্য করে এটি চীনের বন্দরের দিকে এগোচ্ছিল। দীর্ঘ পথ অনুসরণের পর ভারত মহাসাগর অঞ্চলে জাহাজটিতে বিশেষ অভিযান চালিয়ে সেটি জব্দ করা হয়। হেগসেথ হুশিয়ারি দিয়ে বলেন, “মার্কিন যুদ্ধ বিভাগ যখন কোয়ারেন্টাইনের কথা বলে, তখন তারা সেটি কার্যকরও করে। জল, স্থল বা আকাশ—যে পথেই পালানোর চেষ্টা করা হোক না কেন, আমাদের প্রতিরক্ষা বাহিনী আপনাদের খুঁজে বের করে ন্যায়বিচার করবে।”

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ‘অ্যাকুইলা ২’ একটি সুয়েজম্যাক্স ক্যাটাগরির জাহাজ, যা এক চালানে ১০ লাখ ব্যারেল পর্যন্ত তেল বহন করতে পারে। জব্দের সময় জাহাজটিতে প্রায় ৭ লাখ ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল ছিল। জাহাজটি ভেনেজুয়েলার সরকারি মালিকানাধীন এবং এটি একটি বড় জাহাজের বহরের নেতৃত্ব দিচ্ছিল। মার্কিন বাহিনীর এই শক্ত পদক্ষেপের পর বহরের বাকি জাহাজগুলো চীন যাত্রা বাতিল করে আবারও ভেনেজুয়েলার দিকে ফিরে গেছে বলে জানা গেছে।

সূত্র : এএফপি