কুমিল্লার মুরাদনগরে নগদ ২ লাখ টাকাসহ জামায়াত নেতা আটক

0
31
কুমিল্লার মুরাদনগরে নগদ ২ লাখ টাকাসহ জামায়াত নেতা আটক

কুমিল্লার মুরাদনগরে নগদ ২ লাখ টাকাসহ মাওলানা হাবীবুর রহমান হেলালী নামে জামায়াতে ইসলামীর এক নেতাকে আটক করেছে স্থানীয়রা। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে নিজেদের হেফাজতে নিয়ে যায়। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ছালিয়াকান্দি এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মাওলানা হাবীবুর রহমান হেলালী কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ইউসুফ হাকিমের ছালিয়াকান্দি ভোটকেন্দ্রের প্রধান সমন্বয়ক বলে জানা গেছে। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে ব্যক্তিগত গাড়িতে করে ধামগড় থেকে ছালিয়াকান্দি এলাকায় আসেন হাবীবুর রহমান। এ সময় তার গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা গাড়িতে তল্লাশি চালিয়ে পেছন দিক থেকে একটি বাজারের ব্যাগ উদ্ধার করেন। ব্যাগটির ভেতরে পাতলা কম্বল দিয়ে ঢেকে রাখা এক হাজার টাকার নোটের দুটি বান্ডিল পাওয়া যায়, যার মোট পরিমাণ ২ লাখ টাকা বলে দাবি করা হচ্ছে। পরে বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হলে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশ ফোর্সসহ ঘটনাস্থলে যান।

ইউএনও আব্দুর রহমান জানান, টাকা বিতরণের সময় তাকে হাতেনাতে ধরা না পড়ায় তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে, তা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নির্ধারণ করবেন।