জয়পুরহাটে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের সংঘর্ষ, আহত ১১

0
37
জয়পুরহাটে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের সংঘর্ষ, আহত ১১

জয়পুরহাটে বিএনপি ও এক স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১১ জন আহত হয়েছেন। আহতদের জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে জয়পুরহাট কলেজ সংলগ্ন এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জয়পুরহাট-১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা শহরের শান্তিনগর এলাকায় তার লোকজন নিয়ে আসেন। এ সময় বিএনপির প্রার্থী মাসুদ রানা প্রধানের কর্মীদের সঙ্গে বুথ নির্মাণকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের অন্তত ১১ জন আহত হন।

আহত বিএনপি কর্মীদের অভিযোগ, স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা সরকারি কলেজ ভোটকেন্দ্র এলাকায় “টাকার বিনিময়ে ভোট কেনার চেষ্টা” করছিলেন। তারা দাবি করেন, খবর পেয়ে স্থানীয় জনগণ প্রতিবাদ করেন এবং বিএনপি নেতাকর্মীরা সেখানে গেলে সংঘর্ষ বাধে।

তবে স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা অভিযোগ অস্বীকার করে বলেন, তারা জয়পুরহাট ডিগ্রি কলেজ কেন্দ্র পরিদর্শনে যাচ্ছিলেন। এ সময় বিএনপি নেতাকর্মীরা তাদের ওপর অতর্কিত হামলা করে কর্মীদের আহত করেছেন বলে তিনি দাবি করেন।

জয়পুরহাট জেলা পুলিশ সুপার মিনা মাহমুদা বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং স্বতন্ত্র প্রার্থীর পক্ষ থেকে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।