তিশার সম্পদ এক বছরে বেড়েছে প্রায় ১ কোটি ৫৯ লাখ টাকা

0
16
তিশার সম্পদ এক বছরে বেড়েছে প্রায় ১ কোটি ৫৯ লাখ টাকা

প্রধান উপদেষ্টাসহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, সমমর্যাদাসম্পন্ন ব্যক্তি এবং তাঁদের পরিবারের সম্পদ বিবরণী প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রকাশিত তালিকায় দেখা গেছে, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর মোট সম্পদ এক বছরে কিছুটা কমেছে, তবে তাঁর স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার মোট সম্পদ একই সময়ে উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, ২০২৪ সালের ১ অক্টোবর জারি করা প্রজ্ঞাপনের আলোকে ৩০ জুন ২০২৪ ও ৩০ জুন ২০২৫ তারিখের সম্পদ বিবরণী প্রকাশ করা হয়েছে।

সম্পদ বিবরণী অনুযায়ী, ২০২৪ সালের ৩০ জুন তিশার মোট সম্পদ ছিল ১ কোটি ৪০ লাখ ৮১ হাজার ৮৬০ টাকা। এক বছর পর ২০২৫ সালের ৩০ জুন তা বেড়ে দাঁড়ায় ২ কোটি ৯৯ লাখ ৮৯ হাজার ৫০১ টাকা। হিসাব অনুযায়ী, এক বছরে তাঁর সম্পদ বৃদ্ধি পেয়েছে ১ কোটি ৫৯ লাখ ৭ হাজার ৬৪১ টাকা।

অন্যদিকে, একই সময়ে মোস্তফা সরয়ার ফারুকীর মোট সম্পদ কমেছে। ২০২৪ সালের ৩০ জুন তাঁর মোট সম্পদ ছিল ২ কোটি ২৬ লাখ ৯২ হাজার ০২৬ টাকা, যা ২০২৫ সালের ৩০ জুন কমে দাঁড়িয়েছে ২ কোটি ১৫ লাখ ১৮ হাজার ০২৬ টাকায়। অর্থাৎ এক বছরে তাঁর সম্পদ কমেছে ১১ লাখ ৭৪ হাজার টাকা।

প্রকাশিত তালিকায় আরও দেখা যায়, নির্ধারিত সময়ে অধিকাংশ উপদেষ্টার সম্পদ বেড়েছে। তবে ফারুকীর পাশাপাশি আরও দুই উপদেষ্টার সম্পদ কমেছে বলে উল্লেখ করা হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সম্পদ কমেছে প্রায় ১ কোটি ১৩ লাখ টাকা এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমার সম্পদ কমেছে ১৬ লাখ ৩৫ হাজার টাকা।