রাজবাড়ীতে ভোটকেন্দ্র ড্রোনে নজরদারিতে থাকবে র‍্যাব, নাশকতা ঠেকাতে বাড়তি নিরাপত্তা

0
37
রাজবাড়ীতে ভোটকেন্দ্র ড্রোনে নজরদারিতে থাকবে র‍্যাব, নাশকতা ঠেকাতে বাড়তি নিরাপত্তা

নাশকতা ও অপতৎপরতা ঠেকাতে রাজবাড়ীর ভোটকেন্দ্রগুলো ড্রোনের মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে বলে জানিয়েছেন র‍্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার তারিকুল ইসলাম। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রাজবাড়ী পৌরসভার সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

তারিকুল ইসলাম বলেন, রাজবাড়ীর জন্য আলাদাভাবে কেন্দ্র মনিটরিংয়ের উদ্দেশ্যে ড্রোন অপারেটর আনা হয়েছে এবং ড্রোনের মাধ্যমে ভোটকেন্দ্রগুলোর ওপর নজরদারি রাখা হবে। তিনি জানান, গুরুত্বপূর্ণ এলাকা চিহ্নিত করে ও কেন্দ্রের চাহিদা অনুযায়ী নিরাপত্তা নিশ্চিত করা হবে। ইতোমধ্যে র‍্যাবের অস্থায়ী ক্যাম্পের টিমগুলো কেন্দ্র পরিদর্শন শুরু করেছে এবং আজ রাজবাড়ীর দুটি আসনের কয়েকটি কেন্দ্র পরিদর্শন করা হবে। অতি গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোর ওপর বাড়তি নজরদারি থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, রাজবাড়ী হর্টিকালচার সেন্টারে নির্বাচনকালীন একটি অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে। একজন অফিসারের নেতৃত্বে আসনভিত্তিক টহল দেওয়া হচ্ছে এবং সিভিল পোশাকেও র‍্যাব সদস্য থাকবে। র‍্যাব নির্বাচনপূর্ব, নির্বাচনকালীন ও নির্বাচন-পরবর্তী—এই তিন পর্যায়কে সামনে রেখে মোতায়েন রয়েছে এবং যৌথ বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে। কোনো সহিংসতা বা অপতৎপরতার চেষ্টা হলে যৌথ বাহিনীর সঙ্গে সমন্বয় করে তাৎক্ষণিক ও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।

ভোটকেন্দ্র পরিদর্শনের সময় র‍্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের সিনিয়র এএসপি গাজী লুৎফর রহমান, ডিএডি রেজাউল করিমসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।