গোপালগঞ্জে তিনটি ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ

0
42

গোপালগঞ্জে তিনটি ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিকট শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে সদর উপজেলার গোবরা নিলারমাঠ এলাকায় শহীদ মাহবুব সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনের সড়কে প্রথম ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। একই সময় টুঙ্গিপাড়া উপজেলার গুয়াধানা এলাকায় বিন্দুবাসিনী বিদ্যালয়ের সামনের সড়কেও দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে। পরে রাত সাড়ে ৮টার দিকে গোপালগঞ্জ শহরের বিনাপানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আরেকটি ককটেল ছোড়া হয়।

বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, রাত সাড়ে ৭টার দিকে কে বা কারা নিলারমাঠ এলাকায় সড়কের ওপর ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। পরে রাত ৮টার দিকে জেলা শহরের বিনাপানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনেও একটি ককটেল নিক্ষেপ করা হয়। তিনি জানান, কোনো ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি এবং ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী বলেন, গুয়াধানা এলাকায় বিন্দুবাসিনী বিদ্যালয়ের সামনের সড়কে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ ঘটনাতেও তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

পুলিশ জানিয়েছে, কারা এসব ঘটনার সঙ্গে জড়িত তা শনাক্তে তদন্ত করা হচ্ছে।