আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড, সহিংসতা ও বিশৃঙ্খলার অপচেষ্টা দৃঢ়তার সঙ্গে প্রতিহত করার নির্দেশ দিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার একাধিক নির্বাচনি বেইজ ক্যাম্প পরিদর্শনকালে দায়িত্বরত বিজিবি সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব নির্দেশনা দেন।
পরিদর্শনকালে বিজিবি মহাপরিচালক নির্বাচনকে কেন্দ্র করে বিজিবির সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা পর্যালোচনা করেন। একইসঙ্গে নির্বাচনকালীন যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় বাহিনীর অপারেশনাল সক্ষমতা খতিয়ে দেখেন।
তিনি নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতে গৃহীত পরিকল্পনা সম্পর্কে খোঁজখবর নেন এবং সেসব পরিকল্পনা যথাযথভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
বিজিবি মহাপরিচালক বলেন, নির্বাচনকালীন দায়িত্ব পালনে সর্বোচ্চ পেশাদারত্ব, নিষ্ঠা ও নিরপেক্ষতা বজায় রাখতে হবে। আইনশৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের শৈথিল্য বা গাফিলতি গ্রহণযোগ্য নয় বলেও সতর্ক করেন তিনি।
নির্বাচনকালীন যেকোনো নাশকতা, সহিংসতা বা বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা কঠোরভাবে দমন করতে বিজিবি সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন মহাপরিচালক। ভোটাররা যাতে নির্ভয়ে ও নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেজন্য—সর্বোচ্চ সংখ্যক টহল জোরদার, গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন, তল্লাশি কার্যক্রম বৃদ্ধি করে একটি শান্তিপূর্ণ ও নিরাপদ নির্বাচনি পরিবেশ নিশ্চিত করার নির্দেশনা দেন তিনি।
বিজিবি মহাপরিচালক বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে বিজিবি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবে।