নির্বাচনে প্রভাব বিস্তার, নাশকতা ও আতঙ্ক সৃষ্টির অভিযোগে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া বাজারে ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে হিলাল উদ্দিন নামের একজন ধানের শীষের সমর্থককে ১০ দিনের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন আদালত।
অভিযানকালে ঘটনাস্থল থেকে ৫৪টি লাঠি এবং ৫ ব্যাগ ইট-পাটকেল জব্দ করা হয়।
কারাদণ্ডপ্রাপ্ত হিলাল উদ্দিন নারুয়া ইউনিয়নের বিলধামু গ্রামের আজগর আলী মন্ডলের ছেলে। তিনি রাজবাড়ী-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী হারুন অর রশিদের ধানের শীষ প্রতীকের সমর্থক বলে জানা গেছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে নারুয়া বাজারে ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন।
এ সময় বালিয়াকান্দি সেনাবাহিনী ক্যাম্পের কমান্ডার মেজর রুবাইয়াতের নেতৃত্বে একদল সেনা সদস্য তল্লাশি কার্যক্রমে অংশগ্রহণ করেন এবং সার্বিক সহযোগিতা প্রদান করেন।
সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন বিষয়টি নিশ্চিত করে জানান, ভ্রাম্যমাণ আদালত তাকে দণ্ডবিধি ১৮৬০ এর ১৭১(চ) ধারায় (নির্বাচনে অবৈধ প্রভাব বিস্তার, নাশকতা ও আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে লাঠি ও ইট-পাটকেল মজুদ রাখার দায়ে) দোষী সাব্যস্ত করে ১০ দিনের কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেছেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা রক্ষা ও নির্বাচনকে শান্তিপূর্ণ রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।