কেন্দ্র দখলের খবর আমাদের কাছে আসেনি: স্বরাষ্ট্র উপদেষ্টা

0
37
কেন্দ্র দখলের খবর আমাদের কাছে আসেনি: স্বরাষ্ট্র উপদেষ্টা

কোনো কেন্দ্র দখলের খবর সরকারের কাছে আসেনি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর বারিধারার ডিওএইচএসে স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেওয়া শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আজকে একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনটি আমরা যেন উৎসবমুখরভাবে উদযাপন করতে পারি। আল্লাহ দিলে একটা ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং উৎসবমুখর ইলেকশন হবে।”

একজনের ভোট অন্যজন দিয়ে দিচ্ছে—এমন অভিযোগ প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, ভিডিওটি তাকে দিতে এবং বিষয়টি দেখার কথা বলেন। তার বক্তব্য, “এবার একজনের ভোট অন্যজন দেওয়ার সম্ভাবনা খুবই কম। তারপরও আমরা খতিয়ে দেখবো।”

দেশের বিভিন্ন জেলায় কিছু ঘটনার খবর পাওয়ার বিষয়ে প্রশ্নে তিনি বলেন, “ছোটখাটো দু-একটি ঘটনা ঘটেছে, আমি অস্বীকার করবো না।” নির্বাচন আরও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে—এ প্রত্যাশাও জানান তিনি।

কেন্দ্র দখল সংক্রান্ত প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “কোনো কেন্দ্র দখলের খবর আমাদের কাছে আসেনি।” একই সঙ্গে তিনি বলেন, সাংবাদিকরা “সত্যি সংবাদ” দিলে দেশবাসীসহ সবাই উপকৃত হবে।