ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে তিনি ভোট প্রদান করেন। এর আগে একই কেন্দ্রে ভোট দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
সকাল ১০টা ১০ মিনিটে ভোট দিতে কেন্দ্রে পৌঁছান প্রধান উপদেষ্টা। ভোটদান শেষে সকাল ১০টা ৩৯ মিনিটে তিনি কেন্দ্র থেকে বেরিয়ে যান।
অন্যদিকে, কড়া নিরাপত্তার মধ্যে ভোট দিতে কেন্দ্রে যান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। তারেক রহমানের ভোটকেন্দ্রে আগমন ঘিরে সেনাবাহিনী ও পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থা দেখা যায়।
এবারের সংসদ নির্বাচনে ২৯৯টি আসনে ভোটগ্রহণ হচ্ছে। শেরপুর-৩ আসনে এক প্রার্থীর মৃত্যুর কারণে সেখানে ভোট স্থগিত রয়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে মোট ২ হাজার ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন—এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন। মোট প্রার্থীর মধ্যে নারী প্রার্থী ৮৩ জন।
নির্বাচনে সারাদেশে ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রের মধ্যে ২১ হাজার ৫০৬টি কেন্দ্রকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে জানানো হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় নির্বাচন কমিশন বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।