টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্বে বুধবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি হয়। ১৯৭ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়ে শেষ পর্যন্ত ৩০ রানের জয় নিয়ে টানা দ্বিতীয় ম্যাচ জিতে গ্রুপ ‘সি’-র শীর্ষে উঠেছে শাই হোপের ওয়েস্ট ইন্ডিজ। অন্যদিকে হ্যারি ব্রুকের নেতৃত্বে প্রথমবার পূর্ণ ২০ ওভারের ম্যাচে হারল ইংল্যান্ড, পয়েন্ট টেবিলে নেমেছে তিন নম্বরে—স্কটল্যান্ডেরও পেছনে।
টস হেরে আগে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। দলীয় ৮ রানে প্রথম ওভারেই অধিনায়ক শাই হোপ শূন্য রানে আউট হন। কোনো রান যোগ না হতেই ব্রেন্ডন কিং ১ রানে ক্যাচ দেন উইকেটরক্ষকের হাতে। এরপর শিমরন হেটমায়ার ও রোস্টন চেজ পাল্টা লড়াই শুরু করেন। তাদের ৪৭ রানের জুটিতে ইনিংসে স্থিতি ফেরে। হেটমায়ার ১২ বলে ২৩ এবং চেজ ২৯ বলে ৩৪ রান করেন। রভম্যান পাওয়েলও ১৪ রানে ফিরে যান।
শেষদিকে ম্যাচ ঘুরিয়ে দেন শেরফান রাদারফোর্ড। জেসন হোল্ডারকে সঙ্গে নিয়ে তিনি ৬১ রানের কার্যকর জুটি গড়েন। রাদারফোর্ড ৪২ বলে ২ চার ও ৭ ছক্কায় অপরাজিত ৭৬ রান করেন, হোল্ডার ১৭ বলে ৩৩ রানের ক্যামিও খেলেন। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৯৬ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ডের হয়ে জেমি ওভারটন ও আদিল রশিদ ২টি করে উইকেট নেন।
লক্ষ্য তাড়ায় ইংল্যান্ড শুরুতে ঝড় তোলে। দুই ওভারে বিনা উইকেটে ৩১ রান তুলে তারা পাওয়ার প্লে শেষ করে ৬৭ রানে। ৬.৩ ওভারে স্কোর দাঁড়ায় ১ উইকেটে ৭৪। তবে রোস্টন চেজ জস বাটলারকে ১৪ বলে ২১ রানে ফেরানোর পরই ইনিংস এলোমেলো হয়ে যায়। ১৬ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে ধাক্কা খায় ইংলিশরা। ফিল সল্ট ১৪ বলে ৩০ ও জ্যাকব বেথেল ২৩ বলে ৩৩ রান করলেও এরপর গতি বাড়াতে গিয়ে নিয়মিত উইকেট হারায় দলটি। হ্যারি ব্রুক ও স্যাম কারানের ৪১ রানের জুটি ছাড়া বড় কোনো জুটি গড়ে ওঠেনি। কারান ৩০ বলে ৪৩ রান করেন, ব্রুক করেন ১৭। শেষ পর্যন্ত ইংল্যান্ড ১৯ ওভারেই অলআউট হয়ে যায় ১৬৬ রানে।
বল হাতে ওয়েস্ট ইন্ডিজের স্পিনাররা ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। আকিল হোসেন, রোস্টন চেজ ও গুড়াকেশ মোতি মিলে নেন ৬ উইকেট—মোতি সর্বোচ্চ ৩টি এবং চেজ ২টি উইকেট পান। এছাড়া রোমারিও শেফার্ড ও শামার জোসেফ একটি করে উইকেট নেন।
এই জয়ে দুই ম্যাচে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘সি’-র শীর্ষে ওয়েস্ট ইন্ডিজ। সমান ম্যাচে ২ পয়েন্ট থাকলেও নেট রানরেটে এগিয়ে স্কটল্যান্ড দ্বিতীয় এবং ইংল্যান্ড তৃতীয় স্থানে রয়েছে।