ঢাকা-৮ আসনে ৬ কেন্দ্রের ফল পাল্টে দেওয়ার অভিযোগ, রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নাসীরউদ্দিন পাটওয়ারী

0
37
ঢাকা-৮ আসনে ৬ কেন্দ্রের ফল পাল্টে দেওয়ার অভিযোগ, রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নাসীরউদ্দিন পাটওয়ারী

ঢাকা-৮ আসনের ছয়টি ভোটকেন্দ্রের ফলাফল পাল্টে দেওয়ার অভিযোগ তুলে রিটার্নিং অফিসারের কার্যালয়ে গেছেন এনসপির প্রার্থী নাসীরউদ্দিন পাটওয়ারী। বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে তিনি ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরীর সঙ্গে দেখা করতে তার কক্ষে প্রবেশ করেন।

পাটওয়ারীর সঙ্গে থাকা তার প্রধান নির্বাচনী এজেন্ট শাহিন আহমেদ খান জানান, সিদ্বেশ্বরী বালক উচ্চ বিদ্যালয়, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ইস্কাটন বালক উচ্চ বিদ্যালয়, পল্টনের পরিবার পরিকল্পনা কেন্দ্র, মাহবুব আলী ইনস্টিটিউট এবং মির্জা আব্বাস কলেজ কেন্দ্রে অনিয়ম হচ্ছে বলে তারা তথ্য পেয়েছেন।

শাহিন আহমেদ খানের অভিযোগ, মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস সিদ্বেশ্বরী বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ফল গণনায় নিজে উপস্থিত থেকে প্রভাব বিস্তার করছেন। তিনি আরও বলেন, “মির্জা আব্বাস কলেজে ১৫ ভোট বেশি পাওয়ার পরও আবার ভোট গণনার জন্য এজেন্টদের আটকে রাখা হয়েছে। কেন্দ্রগুলোতে তিনবার ভোট গণনা করে এজেন্টদের আটকে রেখে বাতিল ভোট যুক্ত করে এগিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।”

তার ভাষ্য অনুযায়ী, এসব কেন্দ্র ছাড়াও আরও কয়েকটি কেন্দ্রে এজেন্টদের আটকে রাখার খবর তারা পাচ্ছেন। অভিযোগ করা কেন্দ্রগুলোতে তাদের প্রার্থী এগিয়ে থাকার পরও ফল ঘোষণা করা হচ্ছে না বলেও দাবি করেন তিনি। এসব বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ জানাতেই পাটওয়ারী রিটার্নিং কর্মকর্তার কাছে গেছেন বলে জানান শাহিন আহমেদ খান।

রাত ৯টার দিকেও নাসীরউদ্দিন পাটওয়ারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে অবস্থান করছিলেন বলে জানা গেছে।