ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেছেন কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দলের প্রধান এবং ঘানার সাবেক প্রেসিডেন্ট উইলিয়াম নানা আকুফো আদো।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ভোট প্রদান কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।
নানা আকুফো আদো বলেন, “এখনো পর্যন্ত ভোটের পরিবেশ খুব ভালো। এটা নিয়ে আমি খুব সন্তুষ্ট। আমি এখানে এসে শান্তিপূর্ণ ভোট দেখছি। আশা করি, সারা দেশে এমন শান্তিপূর্ণ ভোট হবে।”
কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দলের প্রধান হিসেবে উইলিয়াম নানা আকুফো আদোর নেতৃত্বে সংস্থাটি বাংলাদেশের জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ করছে। এটি কমনওয়েলথের পক্ষ থেকে বাংলাদেশের জাতীয় নির্বাচন পর্যবেক্ষণের ১৩তম আয়োজন বলে জানানো হয়েছে।