কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে জাল ভোট দেওয়ার অপরাধে এক যুবককে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ১১টার দিকে হোসেনপুর উপজেলার জিনারী ইউনিয়নের পিপলাকান্দি উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। ভোট চলাকালে ওই যুবক একাধিকবার ভোট দেওয়ার চেষ্টা করলে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে আটক করেন।
দণ্ডপ্রাপ্ত যুবকের নাম ইমরান হোসেন (২১)। তিনি পিপলাকান্দি গ্রামের আবুল হাশেমের ছেলে। হোসেনপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বে থাকা যুগ্ম জেলা ও দায়রা জজ কাউছার আলম বিষয়টি নিশ্চিত করে জানান, জাল ভোট দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রচলিত আইন অনুযায়ী তাকে এ দণ্ড দেওয়া হয়েছে।
পুলিশ জানায়, পছন্দের প্রার্থীর পক্ষে ভোট দিতে গিয়ে ইমরান হোসেন ভোটার তালিকায় নিজের নাম না থাকা সত্ত্বেও ব্যালট দেওয়ার চেষ্টা করেন। সন্দেহ হলে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তরা তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তার বিচার সম্পন্ন করা হয়।
রায় ঘোষণার পর সাজাপ্রাপ্ত ইমরান হোসেনকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, নির্বাচনে শৃঙ্খলা রক্ষা ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।