ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বগুড়ার সাতটি আসনেই নিরঙ্কুশ জয় লাভ করেছে। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং বর্তমান চেয়ারম্যান তারেক রহমান–এর নেতৃত্বাধীন দলটি এ জয়ের মাধ্যমে জেলায় শক্ত অবস্থান নিশ্চিত করেছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে বগুড়ায় মোট ভোটার ছিলেন ২৯ লাখ ৮১ হাজার ৯৪০ জন। এর মধ্যে ৬৯ দশমিক ১০ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সোমবার রাতের পর বগুড়ার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ ফলাফল জানা যায়।
বগুড়া-১ (সারিয়াকান্দি ও সোনাতলা) আসনে বিএনপির কাজী রফিকুল ইসলাম ধানের শীষ প্রতীকে ১ লাখ ৭১ হাজার ৪৪০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের মো. শাহাবুদ্দিন পেয়েছেন ৫৭ হাজার ৯৫৯ ভোট। এ আসনে গণভোটে হ্যাঁ ভোট পড়ে ১ লাখ ৪০ হাজার ২৪৯ এবং না ভোট ৬০ হাজার ৭০২।
বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে বিএনপির মীর শাহে আলম ১ লাখ ৪৫ হাজার ২৪ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী–র আবুল আজাদ মোহাম্মদ শাহাদাতুজ্জামান পান ৯৩ হাজার ৫৪৮ ভোট। এখানে হ্যাঁ ভোট পড়ে ১ লাখ ৬৫ হাজার ৩৮ এবং না ভোট ৫১ হাজার ৭৯০।
বগুড়া-৩ (আদমদিঘী-দুপচাঁচিয়া) আসনে বিএনপির আবদুল মহিত তালুকদার ১ লাখ ২৭ হাজার ৪০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আবু তাহের নূর মোহাম্মদ পেয়েছেন ১ লাখ ১১ হাজার ২৬ ভোট। এ আসনে হ্যাঁ ভোট পড়ে ১ লাখ ৫৩ হাজার ৭ এবং না ভোট ৬৭ হাজার ৬০৪।
বগুড়া-৪ (নন্দীগ্রাম ও কাহালু) আসনে বিএনপির মোশাররফ হোসেন ১ লাখ ৫৫ হাজার ৩৩৯ ভোট পেয়ে জয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতের মোস্তফা ফয়সাল পারভেজ পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৯৭৮ ভোট। এখানে হ্যাঁ ভোট পড়ে ১ লাখ ৭৫ হাজার ৬৪৩ এবং না ভোট ৬৪ হাজার ৯৮০।
বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে জেলা বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম মো. সিরাজ ২ লাখ ৪৮ হাজার ৮৪১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের দবিবুর রহমান পেয়েছেন ১ লাখ ৪৩ হাজার ৩২৯ ভোট। এ আসনে হ্যাঁ ভোট পড়ে ২ লাখ ৪৬ হাজার ৪১৬ এবং না ভোট ১ লাখ ৫ হাজার ৬৪৩।
বগুড়া-৬ (সদর) আসনে প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়ে ধানের শীষ প্রতীকে তারেক রহমান ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতের আবিদুর রহমান সোহেল দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৭ হাজার ৬২৬ ভোট। এখানে হ্যাঁ ভোট পড়ে ২ লাখ ১৫ হাজার ৫৭৯ এবং না ভোট ৮০ হাজার ২০৩।
বগুড়া-7 (গাবতলী-শাজাহানপুর) আসনে বিএনপির মোরশেদ মিলটন ২ লাখ ৬২ হাজার ৫০১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মো. গোলাম রাব্বানী পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ১৮৪ ভোট।
ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত বিএনপি সংসদ সদস্যরা বলেন, সুষ্ঠু ও অবাধ নির্বাচন হলে বগুড়ার সব আসনে বিএনপির জয় অনিবার্য—এবারের ফলাফল তারই প্রমাণ। তারা আশা প্রকাশ করেন, তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলে উত্তরাঞ্চলসহ সারাদেশে উন্নয়ন ও সমৃদ্ধি আরও বৃদ্ধি পাবে।
উল্লেখ্য, সকাল সাড়ে ৭টা থেকে দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলে। একই দিনে একটি গুরুত্বপূর্ণ গণভোটও অনুষ্ঠিত হয়।