বাবার মৃত্যুবার্ষিকীর দিনে সড়কে প্রাণ গেল ছেলের

0
28
বাবার মৃত্যুবার্ষিকীর দিনে সড়কে প্রাণ গেল ছেলের

বাবার মৃত্যুবার্ষিকীতে বাড়িতে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মাসুম বারি (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় জয়পুরহাট সদর উপজেলার ধলাহার ইউনিয়নের বেলতলী মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গত বছর ১৩ ফেব্রুয়ারি বার্ধক্যজনিত কারণে মারা যান মাসুম বারির বাবা মতিয়র রহমান। বাবার মৃত্যু বার্ষিকীকে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে শুক্রবার সকালে সদর উপজেলার ধলাহার ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে নিজ বাড়িতে আসেন মাসুম বারি। সেখানে জুমার নামাজ শেষে ও বাবার কবর জেয়ারত শেষে বাসায় ফেরার পথে বেলতলী মোড়ে তার মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন মাসুম। স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে মাসুমকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

মাসুমের প্রতিবেশী মাহমুদুল ইসলাম জানান, মাসুম বারি একজন অত্যন্ত সদালাপী ও ভদ্র ছেলে ছিল। এলাকার যে কোন সমস্যায় সে সহযোগিতা করতো। এই দিনেই তার বাবার মৃত্যু হয়েছিল। আজকে সড়ক দুর্ঘটনায় মাসুমও মারা গেছে। বিষয়টি মেনে নেওয়া খুব কষ্টের।

জয়পুরহাট থানার ওসি আনিসুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। ময়নাতদন্তের পর মাসুমের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।