গণভোটে জনগণ পুরোনো বন্দোবস্তে ফিরতে না চাওয়ার রায় দিয়েছে: আলী রীয়াজ

0
27
গণভোটে জনগণ পুরোনো বন্দোবস্তে ফিরতে না চাওয়ার রায় দিয়েছে: আলী রীয়াজ

গণভোটের মাধ্যমে জনগণ পুরোনো বন্দোবস্তে ফিরে যেতে না চাওয়ার রায় দিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আলী রীয়াজ। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আলী রীয়াজ বলেন, বাংলাদেশের নাগরিকরা “সুস্পষ্ট এবং দ্বিধাহীনভাবে” জুলাই জাতীয় সনদের সংবিধান সংস্কারের প্রস্তাবের অনুকূলে রায় দিয়েছেন। তার ভাষ্য অনুযায়ী, এই রায় থেকে বোঝা যায় দেশের বৃহদাংশ নাগরিক আর পুরোনো ব্যবস্থায় ফিরে যেতে বা স্থিতাবস্থা বহাল রাখতে চান না; তারা পরিবর্তন এবং রাষ্ট্রব্যবস্থায় সংস্কার চান।

সংস্কারের পক্ষে জনরায় এসেছে উল্লেখ করে তিনি বলেন, গণভোটের রায়কে শুধু সংখ্যার হিসেবে দেখলে হবে না। তিনি বলেন, এই রায় হলো চব্বিশের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছেন, যারা আহত হয়েছেন এবং যারা লড়াই করেছেন—তাদের অর্পিত দায়িত্বের স্বীকৃতি এবং সেই দায়িত্ব পালনের বিষয়ে জনগণের অঙ্গীকার। দীর্ঘ সময়ের সহিংসতা, রক্তপাত, নির্যাতন ও কষ্টের পুনরাবৃত্তি যেন না ঘটে—সে লক্ষ্যে প্রাতিষ্ঠানিক কাঠামো গঠনের জনআকাঙ্ক্ষার প্রকাশ বলেও তিনি উল্লেখ করেন।

সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আলী রীয়াজ বলেন, গণভোটের খবর ঘরে ঘরে পৌঁছে দেওয়ার পাশাপাশি তারা কাজের দুর্বলতা চিহ্নিত করেছেন এবং সাফল্যের দিকও তুলে ধরেছেন। গণভোটের প্রক্রিয়া-পদ্ধতি নিয়ে যারা সমালোচনা করেছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।

তিনি আরও বলেন, গণভোটের মাধ্যমে সংস্কার বিষয়ে যে সুস্পষ্ট গণরায় এসেছে, তা বাস্তবায়নের দায়িত্ব রাজনৈতিক দলগুলোর। তিনি জানান, রাষ্ট্র সংস্কারের বিষয়ে সব রাজনৈতিক দল অঙ্গীকারাবদ্ধ এবং ক্ষমতাসীন দল, জাতীয় সংসদ ও সংবিধান সংস্কার পরিষদে প্রতিনিধিত্বকারী দলগুলোসহ সংসদের বাইরের দলগুলোর প্রতিও আহ্বান—আলাপ-আলোচনার মাধ্যমে ঐক্যবদ্ধভাবে এই গণরায় বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।

আলী রীয়াজ বলেন, জাতীয় ঐক্যমত কমিশনের আলোচনায় রাজনৈতিক দলগুলো ভিন্নমতের প্রতি শ্রদ্ধা ও সহনশীলতা দেখিয়েছে এবং আপস-সমঝোতার যে ধারা তৈরি হয়েছে, তা বজায় রেখেই দলিল বাস্তবায়নের দায়িত্বও তাদের ওপর অর্পিত হয়েছে। তিনি সিভিল সোসাইটিকে এই প্রক্রিয়ায় সহায়তার আহ্বান জানান এবং তরুণদের উদ্দেশে বলেন—ভবিষ্যতের বাংলাদেশ তাদের, তাই সেই বাংলাদেশ গঠনে অগ্রণী হতে হবে।