চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে নিহত ২, তদন্তে বোম ডিস্পোজাল ইউনিট

0
28
চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে নিহত ২, তদন্তে বোম ডিস্পোজাল ইউনিট

চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে ২ জন নিহতের ঘটনায় রাজশাহী থেকে বোম ডিস্পোজাল ইউনিট ঘটনাস্থলে আসছে এবং তদন্ত চলছে বলে জানিয়েছেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ সুপার জানান, শনিবার ভোর ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে ঘটনাস্থলে একাধিক ককটেল বিস্ফোরণ ঘটে। এতে দুইজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। আরও আলামত সংগ্রহ এবং সেখানে অতিরিক্ত বিস্ফোরক রয়েছে কি না তা নিশ্চিত করতে রাজশাহী থেকে র‍্যাব-৫ এর বোম ডিস্পোজাল ইউনিট ঘটনাস্থলে রওনা দিয়েছে।

আহত, নিহত কিংবা বোমা তৈরির সঙ্গে জড়িতদের রাজনৈতিক পরিচয় আছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত কোনো রাজনৈতিক পরিচয় শনাক্ত করা যায়নি; বিস্তারিত তদন্ত শেষে এ বিষয়ে বলা যাবে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ভোর আনুমানিক ৫টার দিকে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাঁটাপাড়া গ্রামে মৃত মকবুল হোসেনের ছেলে মো. কালামের বসতবাড়িতে একদল দুষ্কৃতকারী ককটেল তৈরির সরঞ্জামসহ অবস্থান করছিল। সেখানে ককটেল তৈরির সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় ঘটনাস্থলেই অজ্ঞাত পরিচয়ের দুইজন মারা যান। নিহতদের মুখমণ্ডল বিকৃত হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।