ফল মেনে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করবে জামায়াত: ডা. শফিকুর রহমান

0
23
ফল মেনে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করবে জামায়াত: ডা. শফিকুর রহমান

নির্বাচনের ফলাফল মেনে নিয়ে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টা ৪৪ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

পোস্টে জামায়াত আমির বলেন, শুরু থেকেই তারা স্থিতিশীল ও কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি অঙ্গীকারবদ্ধ ছিলেন এবং সেই প্রতিশ্রুতিতে এখনও অটল আছেন। তিনি জানান, দলটি সামগ্রিক ফলাফলকে স্বীকৃতি দিচ্ছে এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে।

তিনি আরও লেখেন, বিগত মাসগুলোতে যারা নিরলসভাবে পরিশ্রম করেছেন—সেসব স্বেচ্ছাসেবক ও সমর্থকদের প্রতি তিনি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করছেন। তার ভাষায়, অনেকে নিজেদের সময়, শক্তি ও বিশ্বাস উৎসর্গ করেছেন, আবার অনেকে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গিয়ে ভয়ভীতি ও হয়রানির শিকারও হয়েছেন। এসবের মধ্যেও তাদের সাহসিকতা গণতন্ত্রকে আরও শক্তিশালী করেছে বলে তিনি উল্লেখ করেন।

নেতাকর্মীদের উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, অনেকেই আজ ব্যথিত ও হতাশ—এটি স্বাভাবিক, কারণ আদর্শের পেছনে মনপ্রাণ ঢেলে দিলে ফলাফল গভীরভাবে স্পর্শ করে। তবে তিনি জোর দিয়ে বলেন, তাদের প্রচেষ্টা বৃথা যায়নি। তার দাবি অনুযায়ী, ৭৭টি আসন নিয়ে সংসদে জামায়াতের উপস্থিতি প্রায় চারগুণ বেড়েছে এবং আধুনিক বাংলাদেশের রাজনীতিতে তারা শক্তিশালী বিরোধী ব্লকে পরিণত হয়েছে।

রাজনীতিতে পরিবর্তনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ইতিহাস দেখায় রাজনৈতিক ভাগ্য বদলায়। উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন, ২০০৮ সালে বিএনপি ৩০টি আসনে নেমে গেলেও দীর্ঘ পথ পাড়ি দিয়ে ২০২৬ সালে সরকার গঠন করেছে। তিনি বলেন, গণতান্ত্রিক রাজনীতি দীর্ঘ পথের বিষয়; এখন তাদের লক্ষ্য হবে মানুষের আস্থা অর্জন, ক্ষমতাকে জবাবদিহির আওতায় আনা এবং দায়িত্বশীলভাবে ভবিষ্যতের প্রস্তুতি নেওয়া।

ডা. শফিকুর রহমান আরও লেখেন, তাদের আন্দোলন কেবল একটি নির্বাচনের মধ্যে সীমাবদ্ধ ছিল না; এটি গণতান্ত্রিক সংস্কৃতি শক্তিশালী করা, নাগরিক অধিকার রক্ষা এবং ন্যায়বিচারপূর্ণ ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের লক্ষ্যকে সামনে রেখে পরিচালিত। তিনি জানান, তারা নীতিবান, দায়িত্বশীল ও শান্তিপূর্ণ বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করবেন এবং সরকারের জবাবদিহি নিশ্চিত করতে কাজ করার পাশাপাশি জাতীয় অগ্রগতিতে গঠনমূলক অবদান রাখবেন। পোস্টের শেষাংশে তিনি বলেন, নীতিভিত্তিক ও শান্তিপূর্ণ রাজনীতির প্রতি তাদের অঙ্গীকার অবিচল থাকবে।